• facebook
  • twitter
Monday, 27 April, 2026

ভোটের আগে কড়া অভিযান, ৩৬ ঘণ্টায় ধৃত ১,৫৪৩

জেলা ভিত্তিক গ্রেপ্তারির নিরিখে সবচেয়ে বেশি ধরা পড়েছে পূর্ব বর্ধমানে

ভোটের মুখে রাজ্যে কড়া পুলিশি অভিযানে গত ৩৬ ঘণ্টায় গ্রেপ্তার করা হল মোট ১,৫৪৩ জনকে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুর থেকে সোমবার সকাল পর্যন্ত জোরদার কম্বিং অপারেশন, নাকা তল্লাশি এবং বিশেষ অভিযানে ধরা পড়েছেন ১,০৯৫ জন। পুলিশ সূত্রের দাবি, এঁরা বিভিন্ন এলাকায় অশান্তি, ভয়ভীতি প্রদর্শন বা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার সঙ্গে যুক্ত ছিলেন।
জেলা ভিত্তিক গ্রেপ্তারির নিরিখে সবচেয়ে বেশি ধরা পড়েছে পূর্ব বর্ধমানে। সেখানে মোট ৪৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তর ২৪ পরগনায় ধরা পড়েছেন ৩১৯ জন এবং দক্ষিণ ২৪ পরগনায় ২৪৬ জন। এ ছাড়া কলকাতা উত্তরে ১০৯ জন, হুগলিতে ৪৯ জন, নদিয়ায় ৩২ জন এবং হাওড়ায় ৩২ জনকে আটক করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।
পূর্ব বর্ধমানে ধৃতদের মধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর নারু ভগত। তাঁর গ্রেপ্তারিকে ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। যদিও কী অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে প্রশাসনের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
ভোটের আগে সম্ভাব্য অশান্তি রুখতে রাজ্য জুড়ে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে ইঙ্গিত মিলেছে। পুলিশ কর্তাদের বক্তব্য, অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Advertisement

Advertisement