জাতীয় পোলিও টিকাকরণ কর্মসূচির অংশ হিসেবে রবিবার কোচবিহারের ইউপিএইচসি -2-এ পোলিও টিকাকরণ কেন্দ্র পরিদর্শন করেন বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু।
সেখানে টিকাকরণ কর্মসূচির সার্বিক ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলে কর্মসূচির অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন তিনি।
পরিদর্শনের পর স্পিকার বলেন, ‘টিকাকরণ কেন্দ্রের সার্বিক ব্যবস্থা ঘুরে দেখলাম এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলে কর্মসূচির অগ্রগতি সম্পর্কে জানলাম। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে পোলিওমুক্ত ও সুস্থ রাখতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি সকল অভিভাবকের উদ্দেশে আবেদন জানান, নির্ধারিত বয়সের প্রতিটি শিশুকে অবশ্যই পোলিও টিকা খাওয়ানোর জন্য। তাঁর কথায়, ‘দুই ফোঁটা জীবনের জন্য, পোলিওমুক্ত ভারতের জন্য।’
স্বাস্থ্য দপ্তরের দাবি, পোলিও নির্মূলে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিটি শিশুর কাছে টিকা পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য। সেই উদ্দেশ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন টিকাকরণ কেন্দ্রে দিনভর এই কর্মসূচি পরিচালনা করছেন স্বাস্থ্যকর্মীরা।