• facebook
  • twitter
Tuesday, 14 April, 2026

ওটি-তে চিকিৎসকের ভূমিকায় তৃণমূল প্রার্থী, চিকিৎসক-সহ হাসপাতালের ছয়জনকে শোকজ

রবিবার বিজেপি নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করে

রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হাজারি বাউড়ির বিরুদ্ধে  অভিযোগ দায়ের করে বিজেপি। সোমবার পুরুলিয়ার জেলাশাসক সুধীর কণ্ঠম জানিয়েছিলেন তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ রঘুনাথপুরের রিটার্নিং অফিসারের কাছে জমা পড়েছে। দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় গত বৃহস্পতিবার রাতে। একটি সড়ক দুর্ঘটনায় জখম এক ব্যক্তিকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় তৃণমূল প্রার্থী হাজারি বাউড়িকে সার্জিক্যাল গ্লাভস পরে আহত ব্যক্তির চিকিৎসা করতে দেখা যায়—এমন একটি ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়, যদিও তার সত্যতা যাচাই করেনি দৈনিক স্টেটসম্যান। এর পরই প্রশ্ন ওঠে, তিনি চিকিৎসক না হয়েও কীভাবে হাসপাতালের অপারেশন থিয়েটারে প্রবেশ করে চিকিৎসা করলেন।

Advertisement

রবিবার বিজেপি নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করে। দলের নেতা বিদ্যাসাগর চক্রবর্তী  বলেন, এ ধরনের কাজের কোনও আইনগত ভিত্তি নেই এবং দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। একইসঙ্গে বিজেপি কর্মী ও প্রার্থী মহল থেকেও তীব্র সমালোচনা শোনা যায়। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী মামণি বাউড়িরও প্রশ্ন, ‘যিনি পেশায় শিক্ষক, তিনি কী ভাবে অপারেশন থিয়েটারে ঢুকে আহত ব্যক্তির চিকিৎসা করতে পারেন!’

Advertisement

অন্যদিকে, অভিযোগ উড়িয়ে দিয়ে হাজারি বাউড়ি জানান, তিনি মানবিকতার খাতিরেই আহত ব্যক্তির পাশে দাঁড়িয়েছিলেন। তাঁর কথায়, চিকিৎসক না থাকায় তিনি প্রাথমিক চিকিৎসার অভিজ্ঞতা কাজে লাগিয়ে রক্তপাত বন্ধ করার চেষ্টা করেন। এ ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেন তিনি।

সূত্রের খবর, ঘটনার জেরে হাসপাতালের দায়িত্বে থাকা এক চিকিৎসক-সহ মোট ছ’জনকে শোকজ করা হয়েছে। তবে তা নিয়ে হাসপাতালের কেউ কোনও প্রতিক্রিয়া দেননি। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশোক বিশ্বাস এ দিন বলেছেন, ‘গোটা বিষয়টি কমিশনের আওতায় রয়েছে। এ নিয়ে কোনও মন্তব্য করব না।’

Advertisement