• facebook
  • twitter
Saturday, 2 May, 2026

সিঙ্গুরে ফের মর্মান্তিক পথদুর্ঘটনা, জ্বলন্ত গাড়িতে পুড়ে মৃত্যু লরিচালকের

পুলিশ সূত্রে খবর, প্রথমে একই লেনে চলতে থাকা দু'টি ডাম্পারের মধ্যে সংঘর্ষ হয়

সিঙ্গুরে আবারও সামনে এল এক ভয়াবহ পথদুর্ঘটনা। শনিবার ভোরে ১৯ নম্বর জাতীয় সড়কের ডানকুনিমুখী লেনে গোপালনগর এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনায় এক গাড়িচালকের দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এবং আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে খবর, প্রথমে একই লেনে চলতে থাকা দু’টি ডাম্পারের মধ্যে সংঘর্ষ হয়। সেই দুর্ঘটনায় একজন গুরুতরভাবে আহত হন। এর ফলে জাতীয় সড়কে যানবাহনের গতি অনেকটাই কমে যায়। ঠিক তার কিছুক্ষণ পরেই ঘটে আরও বড় বিপর্যয়। একটি চলন্ত গাড়ির পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোড়ে ধাক্কা মারে বালি বোঝাই একটি লরি। ধাক্কার জেরে লরিটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে  যায় এবং সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়।

Advertisement

দেখতে দেখতে জাতীয় সড়কের উপর দাউদাউ করে জ্বলতে থাকে লরিটি। খবর পেয়ে দমকলের ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে গাড়ির ভিতরে আটকে পড়া চালক অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এখনও পর্যন্ত মৃত চালকের পরিচয় জানা যায়নি। অন্যদিকে, প্রথম দুর্ঘটনায় আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছে।

Advertisement

উল্লেখ্য, এর আগের দিনই একই জাতীয় সড়কে আরেকটি দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়। তারা গয়া থেকে পিণ্ডদান সেরে বাড়ি ফিরছিলেন। পরপর দুর্ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে এবং সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

Advertisement