মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। আগামী ২০ মে তাঁর এই সফর ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক মহলে তৎপরতা তুঙ্গে উঠেছে। উত্তরবঙ্গের প্রশাসনিক ভবন উত্তরকন্যায় জেলাগুলির সঙ্গে বৈঠক করবেন তিনি। সেখানে বিভিন্ন জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
এ বারের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ জুড়ে বিজেপির ব্যাপক সাফল্য রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। পদ্মঝড়ে কার্যত কোণঠাসা হয়েছে তৃণমূল। ফলে নতুন সরকারের প্রতি সাধারণ মানুষের প্রত্যাশাও অনেকটাই বেড়ে গিয়েছে। দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে একাধিক অভিযোগ ছিল। সেই আবহে বিজেপি নির্বাচনের আগে এই অঞ্চলের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেয়।
Advertisement
দলীয় প্রচারে উত্তরবঙ্গে আইআইটি, এইমস, ক্যানসার হাসপাতাল-সহ একাধিক বড় প্রকল্প গড়ে তোলার আশ্বাস দেওয়া হয়েছিল। পাশাপাশি পরিকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার প্রসারের কথাও বলা হয়। ফলে মুখ্যমন্ত্রীর প্রথম উত্তরবঙ্গ সফরকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক— দুই মহলেই বাড়ছে আগ্রহ।
Advertisement
উত্তরকন্যার বৈঠকে জেলার উন্নয়নমূলক প্রকল্প, প্রশাসনিক সমস্যা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। বৈঠকের পর মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।
উত্তরবঙ্গ সফর শেষ করে ২১ মে দুর্গাপুরে পশ্চিমাঞ্চলের পাঁচ জেলার প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই বৈঠকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলার প্রশাসনিক প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।
Advertisement



