শনিবার সকালে নিউ টাউনে মিঠুন চক্রবর্তীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শপথ গ্রহণের পর এই প্রথম আলাদা করে দুই নেতার বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। প্রায় এক ঘণ্টা ধরে তাঁদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে শুভেন্দু বলেন, পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান কারিগর মিঠুন। তাঁর কথায়, ‘দল আমাকে মুখ্যমন্ত্রী করেছে, কিন্তু তার পিছনে মিঠুনদার অবদানও রয়েছে। গত ছ’বছর ধরে তিনি নিঃস্বার্থভাবে রাজ্যে পরিবর্তনের জন্য কাজ করেছেন।‘ শুভেন্দু আরও জানান, মিঠুন নিজেই তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে তিনি পাল্টা বলেন, ‘আপনি কেন আসবেন? আপনার তৈরি করা মুখ্যমন্ত্রীই আপনার কাছে আসবে।‘ এই মন্তব্য শুনে আবেগপ্রবণ হয়ে শুভেন্দুকে জড়িয়ে ধরেন মিঠুন।
মুখ্যমন্ত্রী আরও বলেন, মিঠুনের জনপ্রিয়তা কেবল বিজেপির মধ্যেই সীমাবদ্ধ নয়, সাধারণ মানুষের মধ্যেও তাঁর বিশাল গ্রহণযোগ্যতা রয়েছে। তিনি বলেন, ‘আমি অষ্টম শ্রেণির পর সিনেমা দেখিনি, কিন্তু মিঠুনদা আলাদা জায়গার মানুষ। তিনি মহাগুরু। তাঁর আশীর্বাদ নিতেই এসেছি।‘
অন্যদিকে, শুভেন্দুর ভূয়সী প্রশংসা করেন মিঠুনও। তাঁর মতে, ‘শুভেন্দুর চেয়ে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। আমি গ্যারান্টি দিয়ে বলছি। শপথ নেওয়ার পর থেকেই তিনি নিরলস কাজ করছেন। আমরা সবাই তাঁর জন্য গর্বিত এবং তাঁর পাশেই আছি।‘
শনিবার থেকেই জেলা সফর শুরু করছেন শুভেন্দু। প্রথম কর্মসূচি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক। আগামী ২১ মে ফলতায় পুনর্নির্বাচনের আগে জেলার পরিস্থিতি খতিয়ে দেখতেই এই সফর। পাশাপাশি ভোটের আগে প্রচারে দেওয়া প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নের বিষয়েও মিঠুন ও শুভেন্দুর মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।




