• facebook
  • twitter
  • youtube
Thursday, 11 June, 2026

এসআইআরে যাদের নাম বাদ গিয়েছে তাদের রেশন বন্ধ করে দিয়েছে: মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি ‘প্রতিহিংসার রাজনীতি’ করছে এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আঘাত হানছে

শনিবার কেশিয়াড়ির জনসভা থেকে ফের এসআইআর ইস্যুতে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যআয়। তিনি সরাসরি  বিজেপি আক্রমণ করে অভিযোগ করেন, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্ন সরকারি পরিষেবা থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে। বিহারের উদাহরণ তুলে তিনি বলেন, সেখানে যাঁদের নাম কাটা গিয়েছে, তাঁদের রেশন ও ব্যাঙ্ক পরিষেবা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। তাঁর স্পষ্ট বক্তব্য, তিনি থাকাকালীন বাংলায় এমন পরিস্থিতি হতে দেবেন না।

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি ‘প্রতিহিংসার রাজনীতি’ করছে এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আঘাত হানছে। একইসঙ্গে তিনি খাদ্যাভ্যাসের স্বাধীনতা নিয়েও সরব হন। তাঁর দাবি, বিজেপি শাসিত কিছু রাজ্যে মানুষকে মাছ-মাংস খেতে নিরুৎসাহিত করা হয়। এই প্রসঙ্গে তিনি বলেন, কে কী খাবেন বা পরবেন, তা ব্যক্তিগত স্বাধীনতার বিষয়—এতে কোনও হস্তক্ষেপ তিনি বাংলায় বরদাস্ত করবেন না।

শুক্রবারের আরেকটি সভায় তিনি বিজেপিকে ‘দু’মুখো সাপ’ বলে কটাক্ষ করে ভোটারদের সতর্ক করেন এবং তৃণমূলকে সমর্থনের আহ্বান জানান। একইসঙ্গে তিনি ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গ তুলে অভিযোগ করেন, এই প্রকল্প বাস্তবায়নে কেন্দ্র কোনও আর্থিক সহায়তা দিচ্ছে না, ফলে রাজ্যকেই সম্পূর্ণ খরচ বহন করতে হচ্ছে।

অন্যদিকে, এই অভিযোগ খারিজ করে পাল্টা আক্রমণ শানিয়েছেন অমিত শাহ। তিনি দাবি করেন, নরেন্দ্র মোদী সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের জন্য বিপুল অর্থ বরাদ্দ করা হয়েছিল, কিন্তু রাজ্যের অপশাসনের কারণেই তা বাস্তবায়িত হয়নি। এমনকি বিজেপি ক্ষমতায় এলে এক বছরের মধ্যেই এই প্রকল্প সম্পূর্ণ করার আশ্বাসও দেন তিনি।

উল্লেখ্য, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে পশ্চিম ও পূর্ব মেদিনীপুরের একাধিক ব্লকের প্রায় ১০ লক্ষ মানুষ বন্যা ও জলযন্ত্রণার সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে পারেন বলে মনে করা হচ্ছে।