• facebook
  • twitter
Wednesday, 13 May, 2026

বাংলাকে নতুন অমৃত ভারত এক্সপ্রেস উপহার রেলের, চলবে নিউ জলপাইগুড়ি থেকে

সাংসদের পোস্ট অনুযায়ী, অমৃতসর-নিউ জলপাইগুড়ি অমৃত ভারত এক্সপ্রেস সপ্তাহে একদিন চলবে

রেল যাত্রী ও ভ্রমণ পিপাসুদের জন্য দারুণ উপহার। পালাবদলের পরই বাংলা পেল আরও একটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন। জানা গিয়েছে, নিউ জলপাইগুড়ি থেকে অমৃতসরের মধ্যে নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের অনুমোদন দিয়েছে রেল বোর্ড। আর এরই সঙ্গে বাংলার সঙ্গে দেশের আরও অন্যান্য রাজ্যের সংযোগ আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।

এই বিষয়ে দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তা সমাজ মাধ্যমে জানিয়েছেন, ‘নিউ জলপাইগুড়ি এবং অমৃতসরের মধ্যে অমৃত ভারত ট্রেন পরিষেবা শুরু করার জন্য রেলকে অনেক ধন্যবাদ।’ সাংসদ আশাবাদী ‘এই নতুন রেল পরিষেবা পাঞ্জাব, বিহার এবং উত্তরবঙ্গের মানুষের সংযোগকে শক্তিশালী করবে। সেইসঙ্গে এটি ব্যবসা, পর্যটন, বাণিজ্য, শিক্ষা এবং কর্মসংস্থানের নতুন সুযোগের দরজাও খুলে দেবে। উপকৃত হবে ছাত্রছাত্রী, শ্রমিক, তীর্থযাত্রী, ব্যবসায়ী এবং পর্যটকরাও।‘

Advertisement

সাংসদের পোস্ট অনুযায়ী, অমৃতসর-নিউ জলপাইগুড়ি অমৃত ভারত এক্সপ্রেস সপ্তাহে একদিন চলবে। অমৃতসর থেকে প্রতি বৃহস্পতিবার চলবে এবং নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রতি শনিবার সকাল ৮টার সময়ে ছেড়ে যাবে এবং অমৃতসর পৌঁছবে সোমবার রাত ২টো ২০ মিনিটে। ট্রেনটি নতুন নির্মিত ললিতগ্রাম বাইপাস এবং আরারিয়া-গালগালিয়া রেলওয়ে সেকশন দিয়ে যাবে, যা দার্জিলিং, তরাই, ডুয়ার্স, শিলিগুড়ি, বাগডোগরা, ঠাকুরগঞ্জ, কোসি, মিথিলা এবং সীমাঞ্চল অঞ্চলের মানুষরা উপকৃত হবেন।

Advertisement

এই আধুনিক অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং শক্তিশালী আঞ্চলিক সংযোগের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই নতুন ট্রেনের জন্য রাজু বিস্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জানিয়েছেন। এখন দেখার এই নতুন ট্রেন পরিষেবা কীভাবে মানুষের জীবনে প্রভাব ফেলে।

Advertisement