ভোটপর্ব শেষ হতেই মেমারি স্টেশন সংলগ্ন এলাকায় রেলের জমিতে বসবাসকারী ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে উচ্ছেদের নোটিস জারি করল পূর্ব রেলওয়ের হাওড়া ডিভিশন। বৃহস্পতিবার সকালে হাওড়া–বর্ধমান মেইন লাইনের মেমারি স্টেশন লাগোয়া এলাকায় দোকান খুলতে এসে ব্যবসায়ীরা দেখতে পান, তাঁদের দোকানের সামনে এই নোটিস টাঙানো রয়েছে। আচমকা এই পদক্ষেপে কয়েক’শো পরিবার ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নোটিসে স্পষ্ট জানানো হয়েছে, রেলের জমিতে যারা বসবাস বা ব্যবসা করছেন, তাঁদের আগামী ২ মে -এর মধ্যে জায়গা খালি করে দিতে হবে। অন্যথায় ৩ মে থেকে উচ্ছেদ অভিযান শুরু হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় ব্যবসায়ী সহদেব সাহা জানান, ‘আমি ৫০ বছরেরও বেশি সময় ধরে এখানে আছি। এমন সময়ে এই নোটিস দেওয়া হয়েছে, যখন আমরা কিছুই করতে পারব না। সবাই ভোট নিয়ে ব্যস্ত। ফল প্রকাশের আগেই আমাদের পথে বসতে হবে।‘
Advertisement
একইভাবে একটি ছোট দোকান চালিয়ে সংসার চালানো পূর্ণিমা বিশ্বাস বলেন, ‘এখান থেকেই আমাদের রোজগার। হঠাৎ উচ্ছেদ করলে আমরা সন্তানদের নিয়ে কোথায় যাব?’ আর এক ব্যবসায়ী শঙ্কর সাউয়ের দাবি, এর আগেও একাধিকবার উচ্ছেদের নোটিস দেওয়া হলেও পুনর্বাসনের দাবিতে তা স্থগিত করা হয়েছে। তাঁর অভিযোগ, ভোটের সময় পরিস্থিতির সুযোগ নিয়ে ফের এই নোটিস জারি করা হয়েছে।
Advertisement
ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। তৃণমূল নেতা নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন, ‘গরিব মানুষদের সরিয়ে দিয়ে উন্নয়নের কথা বলা হচ্ছে।‘ অন্যদিকে বিজেপি প্রার্থী মানব গুহ জানিয়েছেন, দলের পক্ষ থেকে বিষয়টি দেখা হচ্ছে এবং গরিব মানুষের ক্ষতি হতে দেওয়া হবে না।উচ্ছেদের আশঙ্কায় এখন দিন কাটছে এলাকার শতাধিক পরিবারের।
Advertisement



