• facebook
  • twitter
Thursday, 30 April, 2026

গণনাকেন্দ্রে কিউআর কোড আইডি, কড়া নিরাপত্তা কমিশনের

জেলা নির্বাচন আধিকারিক, রিটার্নিং অফিসার এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তাদের দ্রুত প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছে কমিশন।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভোটগণনার দিনে নিরাপত্তা আরও আঁটসাঁট করতে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। গণনাকেন্দ্রে অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ আটকাতে এ বার চালু হচ্ছে কিউআর কোড-ভিত্তিক ফটো পরিচয়পত্র ব্যবস্থা। বৃহস্পতিবার কমিশনের তরফে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

কমিশন সূত্রের খবর, আগামী ৪ মে ২০২৬ থেকে অসম, কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং পুদুচেরির বিধানসভা নির্বাচনের গণনাপর্বে এই নতুন ব্যবস্থা কার্যকর হবে। কমিশনের বক্তব্য, ভবিষ্যতে লোকসভা এবং সমস্ত রাজ্যের বিধানসভা নির্বাচনের গণনাকেন্দ্রেও ধাপে ধাপে এই ব্যবস্থা চালু করা হবে। নতুন নিয়মে প্রতিটি গণনাকেন্দ্রে গড়ে তোলা হবে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। প্রথম ও দ্বিতীয় স্তরে পরিচয়পত্র হাতে দেখে যাচাই করা হবে। তবে মূল গণনাকক্ষে প্রবেশের আগে বাধ্যতামূলক ভাবে কিউআর কোড স্ক্যান করাতে হবে। স্ক্যানের মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পরেই প্রবেশের অনুমতি মিলবে।

Advertisement

কমিশনের দাবি, এই ব্যবস্থায় ভুয়ো পরিচয়ে ঢোকার সুযোগ অনেকটাই কমবে। একই সঙ্গে গণনাকেন্দ্রে কারা প্রবেশ করছেন, তার ডিজিটাল নথিও সংরক্ষিত থাকবে। গণনাকেন্দ্রে প্রবেশাধিকার থাকবে কেবল কমিশনের অনুমোদিত ব্যক্তিদের। তাঁদের মধ্যে রয়েছেন রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, গণনাকর্মী, প্রযুক্তিগত কর্মী, প্রার্থী, নির্বাচনী এজেন্ট এবং কাউন্টিং এজেন্টরা।

Advertisement

এ ছাড়াও, সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জন্য প্রতিটি গণনাকেন্দ্রের কাছে আলাদা মিডিয়া সেন্টার গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। অনুমোদিত সাংবাদিকরা সেখান থেকেই প্রয়োজনীয় তথ্য পাবেন। জেলা নির্বাচন আধিকারিক, রিটার্নিং অফিসার এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তাদের দ্রুত প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছে কমিশন। কমিশনের বক্তব্য, গণনাপ্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরাপত্তা এবং দক্ষতা বজায় রাখতেই এই নতুন উদ্যোগ।

Advertisement