• facebook
  • twitter
Thursday, 23 April, 2026

রাজ্য-কেন্দ্র ভাতার ব্যবধানে বাড়ল চাপ ডিএ বিজ্ঞপ্তি প্রকাশ কেন্দ্রের, বেড়ে দাঁড়াল ৬০%

বুধবার অর্থ মন্ত্রণালয়ের তরফে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় আর্থিক ঘোষণা করল কেন্দ্র। দিল্লি থেকে প্রকাশিত অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা (ডিএ) ৫৮ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ করা হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে এবং কর্মীদের মূল বেতনের উপরই এই নতুন হার প্রযোজ্য হবে।

বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফা বিধানসভা ভোট। তার আগেই বুধবার অর্থ মন্ত্রণালয়ের তরফে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সপ্তম বেতন কমিশনের ‘পে ম্যাট্রিক্স’ অনুযায়ী ডিএ গণনা করা হবে। ডিএ-কে বেতনের একটি পৃথক অংশ হিসেবেই ধরা হবে, অর্থাৎ এটি মূল বেতনের সঙ্গে একীভূত করা হবে না। এছাড়াও হিসাবের ক্ষেত্রে ৫০ পয়সা বা তার বেশি হলে তা পরবর্তী পূর্ণ টাকায় ধরা হবে এবং তার কম অংশ বাদ দেওয়া হবে। প্রতিরক্ষা ও রেল কর্মীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রক আলাদা নির্দেশিকা জারি করবে।

Advertisement

এই সিদ্ধান্তের ফলে কেন্দ্রীয় কর্মীদের আর্থিক সুবিধা কিছুটা বাড়লেও পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের সঙ্গে ডিএ-র ব্যবধান আরও বেড়ে গেল। বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা প্রায় ১৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। ফলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে পার্থক্য দাঁড়াচ্ছে প্রায় ৪২ শতাংশে, যা দীর্ঘদিনের অসন্তোষকে আরও বাড়িয়ে তুলতে পারে মনে করা হচ্ছে।

Advertisement

রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনগুলি ইতিমধ্যেই কেন্দ্রের সমান হারে ডিএ-র দাবি জানিয়ে আন্দোলন করছে। নতুন এই ঘোষণার পর সেই দাবি আরও জোরদার হবে বলেই মনে করা হচ্ছে। অর্থনীতিবিদদের একাংশের মতে, কেন্দ্রের এই পদক্ষেপ কর্মীদের ক্রয়ক্ষমতা বাড়াতে সহায়ক হলেও রাজ্য ও কেন্দ্রের মধ্যে আর্থিক বৈষম্য নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করবে।

এদিকে পশ্চিমবঙ্গ সরকার চলতি বছরের বাজেটে ৪ শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই ঘোষণা করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। জানানো হয়েছিল, ১ এপ্রিল থেকে এই বাড়তি ডিএ কার্যকর হবে এবং মে মাসের বেতনের সঙ্গে তা দেওয়া হবে।

তবে এপ্রিল মাস শেষের পথে হলেও এখনও সেই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় রাজ্য সরকারি কর্মীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে একদিকে কেন্দ্রের বাড়তি ডিএ, অন্যদিকে রাজ্যের বিলম্ব—এই পরিস্থিতিতে কর্মচারীদের অসন্তোষ আগামী দিনে আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement