সিঙ্গারার নাম উঠলেই চোখের সামনে যে ছবিটা ভেসে ওঠে তা হল ময়দার শক্ত খোলসের মধ্যে আলুর পুর ভরা ত্রিকোন ভাজা। কিন্তু এর বাইরেও যে সিঙ্গারা হয়, তা অনেকেরই অজানা। এবার সেই সিঙ্গারাকে আন্তর্জাতিক মানে পৌঁছতে চাইছে মিষ্টি ব্যবসায়ীরা। শিলিগুড়ির জনপ্রিয় ক্ষীরের সিঙ্গারাকে জিআই স্বীকৃতি দিতে উদ্যোগী হয়ে উঠলেন মিষ্টি ব্যবসায়ীরা।
বাইরের মুচমুচে আবরণ আর ভিতরে ক্ষীর ও ছানার সুস্বাদু পুর। সেই স্বাদের টানেই বছরের পর বছর ধরে মিষ্টিপ্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে শিলিগুড়ির ক্ষীরের সিঙ্গারা। জানা গিয়েছে, মঙ্গারাম সুইটস দোকানটি শিলিগুড়ির নিউ মার্কেট এলাকায় অবস্থিত। সেই দোকানের প্রতিষ্ঠাতা মঙ্গারাম হালুয়াই প্রায় ৭৫ বছর আগে এই অভিনব মিষ্টি তৈরি করতে শুরু করেন।
বেশ কিছুদিনের মধ্যেই শিলিগুড়ির মানুষের কাছে এই সিঙ্গারা বেশ জনপ্রিয় হয়ে ওঠে। তা দেখে শহরের একাধিক মিষ্টির দোকান ক্ষীরের সিঙ্গারা তৈরি করতে শুরু করে। মঙ্গারাম সুইটসের বর্তমান মালিক গোপাল গুপ্ত জানিয়েছেন, তাঁর ঠাকুরদার হাত ধরেই ক্ষীরের সিঙ্গারার পথচলা শুরু। ক্রেতাদের নতুন স্বাদের চাহিদার জন্যই এই মিষ্টি তৈরি করা হয়েছিল।
একসময় ব্রিটিশ সাহেব থেকে শুরু করে উত্তরবঙ্গের জমিদার ও বিশিষ্ট ব্যক্তিরাও এই মিষ্টির স্বাদ উপভোগ করেছেন। এখনও সেখানে ক্ষীরের সিঙ্গারা সমানভাবে জনপ্রিয়। এদিকে পর্যটনমন্ত্রী শংকর ঘোষ জানিয়েছেন, ব্যবসায়ীরা বিস্তারিত তথ্য নিয়ে তাঁর সঙ্গে দেখা করলে জিআই স্বীকৃতির প্রক্রিয়া নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
আরও পড়ুন: কালীপুজোর ভাসানে হাড়হিম কাণ্ড, জেনারেটরে চুল জড়িয়ে মৃত্যু ছাত্রীর
ক্ষীরের সিঙ্গারাকে আন্তর্জাতিক পরিচিতি দেওয়ার লক্ষ্যে শিলিগুড়ি সুইটস ওনার্স অ্যাসোসিয়েশন জিআই স্বীকৃতির দাবিতে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছে। সংগঠনের জয়েন্ট সেক্রেটারি বিজয় ধর জানিয়েছেন, এই মিষ্টির ইতিহাস ও স্বতন্ত্র পরিচিতি তুলে ধরেই তাঁরা এগোতে চাইছেন।