• facebook
  • twitter
  • youtube
Thursday, 9 July, 2026

অন্নপূর্ণার টাকা না মেলায় স্ত্রীকে বেধড়ক মারধর স্বামীর

জানা গিয়েছে, এরপরেই শিখা মঙ্গলবার রায়গঞ্জ মহিলা থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরেই পুলিশ প্রিয় বর্মনের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।

অন্নপূর্ণার টাকা না মেলায় স্ত্রীকে বেধড়ক মারধর স্বামীর

Photo: Magnific

চলতি বছরের জুন মাস থেকেই রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু করেছে। এবার সেই সরকারি প্রকল্পের টাকা দিতে অস্বীকার করায় স্ত্রী শিখা বর্মনকে মারধরের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনায় রায়গঞ্জ মহিলা থানার পুলিশ অভিযুক্ত প্রিয় বর্মন(৫৫)-কে গ্রেপ্তার করেছে। বুধবার ধৃত প্রিয় বর্মনকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। বিচারক ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রের খবর, ধৃত প্রিয় বর্মনের বাড়ি রায়গঞ্জ থানার বাহিন গ্রাম পঞ্চায়েতের পকম্বা গ্রামে। সম্প্রতি শিখা বর্মন অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন। অভিযোগ, স্ত্রীর অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢোকার পরেই স্বামী প্রিয় বর্মন তাঁর কাছ থেকে এক হাজার টাকা চান। মদ খাওয়ার জন্য প্রিয় বর্মন সেই টাকা চেয়েছিলেন বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রের খবর, শিখা তাঁর স্বামীকে সেই টাকা দিতে অস্বীকার করেন। এরপরেই প্রিয় বর্মন স্ত্রীর উপরে চড়াও হয়ে তাঁকে মারধর শুরু করেন। এমনকী শিখাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ। জানা গিয়েছে, এরপরেই শিখা মঙ্গলবার রায়গঞ্জ মহিলা থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরেই পুলিশ প্রিয় বর্মনের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।

জানা গিয়েছে, পুলিশ বুধবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে। বর্তমানে শিখা বর্মন রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। গোটা ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এই ঘটনায় স্থানীয়রা পুলিশের দ্রুত তৎপরতার প্রশংসা করেছে।