চরম রক্তসংকট এবং অপর্যাপ্ত চিকিৎসকের সমস্যায় ধুঁকছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। পুজোর জন্য কোথাও রক্তদান শিবিরের আয়োজন করা সম্ভব হয়নি। ফলে আঞ্চলিক ব্লাড ব্যাঙ্কে রক্তের জোগান কার্যত শূন্যে নেমে এসেছে। চিকিৎসাধীন রোগীদের জন্য প্রয়োজনীয় রক্তের ব্যবস্থা করতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীর আত্মীয়রা রক্ত দিলেই তবেই তা রোগীকে দেওয়া সম্ভব হচ্ছে। অন্যথা মুমূর্ষু রোগী এবং তাঁদের পরিবারকে খালি হাতে ফিরে যেতে হচ্ছে। যা রোগীদের জন্য এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে।
হাসপাতাল সূত্রে খবর, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রোগীদের জন্য প্রতিদিন গড়ে ৮০ থেকে ৯০ ইউনিট রক্তের প্রয়োজন হয়। এছাড়া আঞ্চলিক ব্লাড ব্যাঙ্ক থেকে অন্যান্য সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্যও রক্ত সরবরাহ করা হয়। তবে উৎসবের মরশুমে রক্তদান শিবির না হওয়ায় রক্তের ভাঁড়ার একবারে তলানিতে গিয়ে ঠেকেছে।
গত শনিবার একটি বিশেষ শিবির থেকে মাত্র ২৫ ইউনিট রক্ত সংগৃহীত হলেও রবিবার সকালের মধ্যেই তা শেষ হয়ে যায়। বর্তমানে ব্লাড ব্যাঙ্কে শুধুমাত্র ‘ও পজিটিভ’ গ্রুপের কয়েক ইউনিট রক্ত ছাড়া আর অন্য কোনও গ্রুপের রক্ত নেই। ফলে রক্ত না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন রোগীর পরিজনেরা। জানা গিয়েছে যে, অস্ত্রোপচারের ক্ষেত্রে আগাম অন্তত দুই ইউনিট রক্ত প্রস্তুত রাখার নিয়ম থাকলেও ব্লাড ব্যাঙ্কে রক্ত না মেলায় একাধিক রোগীর পূর্বনির্ধারিত অস্ত্রোপচার পিছিয়ে দিতে হচ্ছে।
এই ভয়াবহ পরিস্থিতির কথা জানিয়েছেন বহু ভুক্তভোগী পরিবার। ফাঁসিদেওয়ার বাসিন্দা রুমা এক্কা জানান, তাঁর স্বামী হাসপাতালের অর্থোপেডিক বিভাগে ভর্তি রয়েছেন এবং সোমবার তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা। চিকিৎসকরা আগাম এক ইউনিট রক্তের ব্যবস্থা রাখতে বললেও ব্লাড ব্যাঙ্কে কোনও রক্ত মেলেনি। ফলে কোথা থেকে রক্ত পাওয়া যাবে, তা নিয়ে তাঁরা চরম দিশেহারা। অন্যদিকে, শিলিগুড়ির সন্তোষনগরের বাসিন্দা লক্ষ্মণ দাস জানান, তাঁর স্ত্রী প্রসূতি বিভাগে চিকিৎসাধীন। মেডিক্যালে রক্তের অভাবেই বাধ্য হয়ে একটি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে ১৫০০ টাকার বিনিময়ে এক ইউনিট রক্ত কিনতে হয়েছে ।
আরও পড়ুন: মঙ্গলবার আর্থিক দুর্নীতি মামলায় ইডি দপ্তরে হাজির দিলেন সন্দীপ ঘোষ
রক্তসংকটের পাশাপাশি ব্লাড ব্যাঙ্কে চিকিৎসক সংকটের জেরে পরিষেবা আরও ভেঙে পড়েছে। সম্প্রতি ব্লাড ব্যাঙ্কের বিভাগীয় প্রধান অবসর গ্রহণ করেছেন। এছাড়া আরও দু’জন চিকিৎসককে অন্যত্র বদলি করা হয়েছে। এর ফলে অধ্যাপক চিকিৎসকের পাশাপাশি মেডিক্যাল অফিসারের একাধিক পদ শূন্য হয়ে পড়ে রয়েছে। পরিস্থিতি সামাল দিতে জরুরি বিভাগ থেকে আপাতত দুইজন মেডিক্যাল অফিসারকে নিযুক্ত করা হলেও ২৪ ঘণ্টা ব্লাড ব্যাঙ্ক সচল রাখা সম্ভব হচ্ছে না।
মূলত তিনটি ধাপে ৮ ঘণ্টা করে ডিউটির নিয়ম থাকলেও চিকিৎসকের ঘাটতির কারণে রাতের শিফটে ব্লাড ব্যাঙ্কে কাউকে ডিউটিতে পাঠানো সম্ভব হচ্ছে না। সামগ্রিক অচলাবস্থা নিয়ে মেডিক্যাল সুপার ডাক্তার কৌশিক ঈশোর জানান, আগামীতে কয়েকটি রক্তদান শিবির নির্ধারিত করা হয়েছে, যার মাধ্যমে রক্তের এই ঘাটতি কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ব্লাড ব্যাঙ্কের চিকিৎসক সংকট কাটানোর বিষয়ে স্বাস্থ্যভবনে দ্রুত কথা বলা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/eb8_EaSGfOk?si=-Kc9jiy6uNviiWz0″ title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>