মেট্রোর টিকিট কাটতে আর দীর্ঘ লাইন নয়, কিউআর কোড ও পেটিএমেই মিলবে সমাধান

Image: SNS

দুর্গাপুজোর মুখে মেট্রোযাত্রীদের জন্য সুখবর। টিকিট কাটতে কাউন্টারের সামনে না দাঁড়ালেও চলবে।  লাইনে দাঁড়ানোর ঝক্কি কমাতে দু’টি নতুন ব্যবস্থা চালু করল কলকাতা মেট্রো (Kolkata Metro Rail)। এ বার স্টেশনে লাগানো কিউআর কোড স্ক্যান করেই টিকিট কাটা যাবে। তার জন্য আলাদা করে কোনও অ্যাপ ডাউনলোড করারও প্রয়োজন নেই। পাশাপাশি পেটিএম অ্যাপের মাধ্যমেও এ বার মেট্রোর যে কোনও স্টেশন থেকে গন্তব্যের টিকিট কেনা যাবে।

বুধবার, ১৪ অক্টোবর, পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে নতুন দু’টি পরিষেবার উদ্বোধন করেন মেট্রো রেলের (Kolkata Metro Rail) জেনারেল ম্যানেজার প্রেম সাগর গুপ্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেট্রোর পদস্থ আধিকারিকেরা। ছিলেন পেটিএমের চিফ অপারেটিং অফিসারও।

আরও পড়ুন: পাঞ্জাবে মাদকবিরোধী কর্মী ঝোটার খুনে অভিযুক্তের সম্পত্তি ভাঙল প্রশাসন, মেডিক্যাল স্টোরে আগুন জনতার


প্রথম পর্যায়ে কিউআর কোড স্ক্যান করে টিকিট কাটার সুবিধা মিলবে এসপ্ল্যানেড, দমদম, দক্ষিণেশ্বর, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তমকুমার, কালীঘাট, হাওড়া, শিয়ালদহ, শোভাবাজার-সুতানুটি, সল্টলেক সেক্টর ফাইভ এবং দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে। মেট্রো সূত্রে খবর (Kolkata Metro Rail), ধাপে ধাপে অন্য স্টেশনগুলিতেও এই ব্যবস্থা চালু করা হবে।

এতদিন মেট্রোর টিকিট কাটতে যাত্রীদের মূলত কাউন্টার, স্মার্ট কার্ড কিংবা নির্দিষ্ট অ্যাপের উপর নির্ভর করতে হত। নতুন ব্যবস্থায় টিকিট কেনার বিকল্প বাড়ল। বিশেষ করে উৎসবের মরসুমে যখন মেট্রোয় যাত্রীসংখ্যা বেড়ে যায়, তখন এই উদ্যোগে টিকিট কাউন্টারের ভিড় কিছুটা কমবে বলে আশা কর্তৃপক্ষের।

আরও পড়ুন: পড়ুয়াদের উপর ‘পুলিশি নির্যাতন’ নিয়ে সরব রাহুল, করলেন সাংবাদিক বৈঠক

এছাড়া, এত দিন ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপের মাধ্যমে টিকিট কাটার সুযোগ ছিল। এ বার সেই তালিকায় যুক্ত হল পেটিএম। ফলে যাঁরা ওই অ্যাপ ব্যবহার করেন, তাঁদেরও আলাদা করে মেট্রোর অ্যাপের উপর নির্ভর করতে হবে না।

মেট্রোর জেনারেল ম্যানেজার জানিয়েছেন, যাত্রীদের দ্রুত ও সহজে টিকিট কেনার সুযোগ করে দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য। পুজোর সময়ে শহরের অন্যতম ব্যস্ত গণপরিবহণে এই পরিষেবা কতটা স্বস্তি দেয়, এখন সেটাই দেখার।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/N6g_XzAG6tA?si=lWm16blOtCjktBP1″ title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>