অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের নতুন করে মামলা দায়ের হয়েছে। এবার তাঁর পরিচালিত ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরকে ঘিরে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় সরকারি অনুমোদন ছাড়াই ওই শিবিরগুলিতে চিকিৎসাকেন্দ্র পরিচালনা করার অভিযোগ উঠেছে। পাশাপাশি, বেআইনিভাবে চিকিৎসার সরঞ্জাম, ওষুধ, রোগ নির্ণয়ের যন্ত্র এবং তেজস্ক্রিয় পদার্থ ব্যবহারের অভিযোগও করা হয়েছে।
রায়নগরের বাসিন্দা সুকদেব দাসের অভিযোগের ভিত্তিতে ডায়মন্ড হারবার থানায় মামলা রুজু হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিষেক-সহ অন্যদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় প্রতারণা, জালিয়াতি ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ওষুধ ও প্রসাধনী আইন, পারমাণবিক শক্তি আইন, জাতীয় মেডিক্যাল কমিশন আইন, পিসিপিএনডিটি আইন এবং পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট আইনের বিভিন্ন ধারাও যুক্ত করা হয়েছে।
অভিযোগকারীর দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ অভিযুক্তরা বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে অনুমোদনহীন চিকিৎসাকেন্দ্র পরিচালনা করেছেন। সেখানে বেআইনিভাবে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় বিধি না মেনেই ওষুধ ও চিকিৎসা-সংক্রান্ত যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে। যার ফলে জনস্বাস্থ্য ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল।
পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ডায়মন্ড হারবারের এসডিপিও-র নেতৃত্বে তদন্ত চলছে। অভিযোগগুলির সত্যতা যাচাই করে পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, তৃ্ণমূল কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন নিজের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবার ‘সেবাশ্রয়’ প্রকল্প চালু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হত এবং জেলার পাশাপাশি রাজ্যের বিভি্ন্ন প্রান্ত ও ভিনরাজ্য থেকেও বহু মানুষ চিকিৎসার জন্য আসতেন। প্রকল্পটি ব্যাপক সাড়া ফেলেছিল। ভবিষ্যতে রাজ্যের অন্যান্য জেলাতেও একই ধরনের শিবির চালুর পরিকল্পনার কথাও জানিয়েছিলেন তিনি।
তবে বিধানসভা নির্বাচনের পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক তদন্ত ও মামলার মুখোমুখি হয়েছেন। নির্বাচনী প্রচারে করা একটি মন্তব্যকে নিয়ে তাঁর বিরুদ্ধে উস্কানির অভিযোগ দায়ের করা হয়। বিধানসবার সই জালিয়াতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। সম্প্রতি তাঁর এক ঘনিষ্ঠ সহযোগী সুমিত রায়ের খোঁজে কালীঘাটের বাড়িতে তল্লাশিও চালায় পুলিশ। এছাড়া প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার তদন্তে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।
এরই মধ্যে বৃহস্পতিবার রাতে সমাজমাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি, গত দুসপ্তাহ তাঁর এবং তাঁর দপ্তরের সঙ্গে যুক্ত কমপক্ষে ২৫ জনকে বিভিন্নভাবে পুলিশি হেনস্থার শিকার হতে হয়েছে। কাউকে তলব করা হয়েছে তো কাউকে আবার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। অভিষেকের দাবি, তাঁর বিরুদ্ধে বয়ান দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। এই পরিস্থিতিতে সেবাশ্রয় প্রকল্পকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে নতুন মামলার তদন্ত শুরু হল।




