• facebook
  • twitter
  • youtube
Saturday, 22 August, 2026

সরকারি ত্রাণ দুর্নীতির অভিযোগে আটক নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান

শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ নবদ্বীপের বরালঘাট স্পোর্টিং ক্লাবে অভিযান চালিয়ে পুলিশ ত্রাণের ত্রিপল, কম্বল এবং তন্তুজের বিভিন্ন বর্ষের শাড়ি উদ্ধার করে

সরকারি ত্রাণ দুর্নীতির অভিযোগে আটক নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান

দীর্ঘ টালবাহানার পর অবশেষে শনিবার ভোর রাতে আটক হন নবদ্বীপ পুরসভার পুরপতি বিমানকৃষ্ণ সাহা। সাড়ে তিনটে নাগাদ সরকারি ত্রাণ সামগ্রী বেআইনি মজুত রাখার অভিযোগে আটক হন তিনি। নবদ্বীপে একটি ক্লাবঘর থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়।

শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ নবদ্বীপের বরালঘাট স্পোর্টিং ক্লাবে অভিযান চালিয়ে পুলিশ ত্রাণের ত্রিপল, কম্বল এবং তন্তুজের বিভিন্ন বর্ষের শাড়ি উদ্ধার করে। সূত্রের খবর, ক্লাবের প্রায় দশটি ঘরে এই সামগ্রীগুলি মজুত করে রাখা হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, সাধারণ মানুষের জন্য সরকারি অর্থে বরাদ্দ হওয়া ত্রাণসামগ্রী দীর্ঘদিন ধরে সেখানে রাখা ছিল। ঘটনাস্থলটি নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহার পাড়া এবং তাঁর ফ্ল্যাটের পাশেই অবস্থিত বলে অভিযোগ উঠেছে।

এর পরেই ভোররাত প্রায় ৩টে ৪০ মিনিটে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এসে নবদ্বীপ পুরসভার পুরপতির নিজ বাড়ি থেকে তাঁকে আটক করে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ থানায়।  জনরোষের মাঝে পড়েন তিনি। উত্তেজিত জনতা তাঁকে লক্ষ্য করে জুতো এবং জলের বোতল ছুঁড়ে মারেন। এছাড়াও ওঠে চোর চোর স্লোগান। যদিও আটক করে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ অস্বীকার করেন। আটক করে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে মৃদু লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী।