• facebook
  • twitter
  • youtube
Saturday, 22 August, 2026

স্থগিত পুরসভার মাসিক অধিবেশন

বরো চেয়ারপার্সন দেবলীনা বিশ্বাসের আকস্মিক পদত্যাগের পর এবার স্থগিত করা হল কলকাতা পুরসভার মাসিক অধিবেশন

স্থগিত পুরসভার মাসিক অধিবেশন

ফাইল চিত্র

কলকাতা পুরসভায় একের পর এক প্রশাসনিক ঘটনাকে কেন্দ্র করে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুক্ত একাধিক সম্পত্তিতে নোটিস পাঠানো এবং বরো চেয়ারপার্সন দেবলীনা বিশ্বাসের আকস্মিক পদত্যাগের পর এবার স্থগিত করা হল কলকাতা পুরসভার মাসিক অধিবেশন। বৃহস্পতিবার পুরসভার সচিবের দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণবশত শুক্রবারের নির্ধারিত মাসিক অধিবেশন আপাতত স্থগিত রাখা হচ্ছে। যদিও এই সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কোনও কারণ প্রকাশ করা হয়নি।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, গত সোমবারও গুরুত্বপূর্ণ মেয়র পরিষদের বৈঠক বাতিল করা হয়েছিল। সেক্ষেত্রে কারণ হিসেবে জানানো হয়েছিল যে, পুর কমিশনার স্মিতা পাণ্ডে প্রশাসনিক কারণে উপস্থিত থাকতে পারবেন না। এরপর অল্প সময়ের মধ্যেই মাসিক অধিবেশন স্থগিত হওয়ার ঘটনায় পুরভবনের অন্দরে নানা জল্পনা শুরু হয়েছে।

রাজনৈতিক এবং প্রশাসনিক মহলের একাংশের মতে, মেয়র ফিরহাদ হাকিম এবং বর্তমান প্রশাসনিক কাঠামোর মধ্যে দূরত্ব বা মতপার্থক্য নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। সেই আবহে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ বৈঠক বাতিল হওয়ায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। যদিও এই বিষয়ে সরকারি স্তরে কোনও মন্তব্য করা হয়নি।
এদিকে পুরসভার এক কাউন্সিলর সূত্রে জানা গিয়েছে, আনুষ্ঠানিক অধিবেশন স্থগিত হলেও মেয়র ফিরহাদ হাকিম শুক্রবার সমস্ত কাউন্সিলরকে পুরভবনে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন। এই হঠাৎ তলবের কারণ নিয়েও শুরু হয়েছে নতুন আলোচনা।