হাওড়ার আমতার কাশমলি গ্রামে তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল। শনিবার ক্ষুব্ধ গ্রামবাসীরা প্রধানের বাড়ির সামনে বিক্ষোভে দেখান। অভিযোগ, জব কার্ড পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়া হলেও সেই অর্থ আত্মসাৎ করা হয়েছে। পাশাপাশি আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কাটমানি নেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই প্রধানের বিরুদ্ধে ক্ষোভ জমছিল। বহু শ্রমিক অভিযোগ করেছেন, জব কার্ডে কাজ করলেও তাঁরা এখনও প্রাপ্য মজুরি পাননি। আবার আবাস যোজনার আর্থিক সাহায্য পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বলেও অভিযোগ। রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর সেই ক্ষোভই শনিবার বিস্ফোরণের আকার নেয়।
Advertisement
বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, কয়েক জন বিক্ষোভকারী প্রধানের বাড়িতে ভাঙচুর চালান। বাড়ির মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয় এবং বাইরে থেকে ইট ছোঁড়া হয়। এমনকি একটি বাতানুকূল যন্ত্র ভাঙচুরের চেষ্টার ঘটনাও সামনে এসেছে। এক মহিলাকে কাঠের টুকরো দিয়ে এসিতে আঘাত করতে দেখা যায়।
Advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জয়পুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। যদিও এই ঘটনায় গ্রাম পঞ্চায়েত প্রধানের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি, যাঁদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ, তাঁদের অর্থ ফেরতের দাবিও জানানো হয়েছে প্রশাসনের কাছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতরও শুরু হয়েছে।
Advertisement



