• facebook
  • twitter
  • youtube
Wednesday, 29 July, 2026

মেয়েকে কেড়ে নিয়েছে ‘তৃণমূলের জঙ্গলরাজ’, অভয়ার মাকে পাশে রেখে হুঙ্কার মোদীর

পানিহাটির সভা থেকে আরজি কর ইস্যুতে তৃণমূলকে তীব্র আক্রমণ নরেন্দ্র মোদীর। নারী নিরাপত্তা নিয়ে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করল বিজেপি।

মেয়েকে কেড়ে নিয়েছে ‘তৃণমূলের জঙ্গলরাজ’, অভয়ার মাকে পাশে রেখে হুঙ্কার মোদীর

বিধানসভা নির্বাচনের আবহে পানিহাটির সভা থেকে শাসকদলকে তীব্র ভাষায় আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সোদপুরের অমরাবতী মাঠে বিজেপির নির্বাচনী সভায় উপস্থিত হয়ে তিনি আরজি করের ঘটনাকে সামনে এনে তৃণমূল কংগ্রেসকে ‘নারী বিরোধী’ বলে কটাক্ষ করেন।

সভামঞ্চে এদিন উপস্থিত ছিলেন পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ, যিনি আরজি করের নির্যাতিতার মা। তাঁকে পাশে দাঁড় করিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একজন মা তাঁর মেয়েকে ডাক্তার বানিয়েছিলেন। কিন্তু তৃণমূলের জঙ্গলরাজ সেই মেয়েকে কেড়ে নিয়েছে।’ তাঁর দাবি, বিজেপি সেই মাকে সম্মান জানিয়ে প্রার্থী করেছে।

প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন, বিজেপি ক্ষমতায় এলে নারী নির্যাতন সংক্রান্ত যেসব মামলা হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে, সেগুলি ফের খোলা হবে। তাঁর কথায়, ‘৪ মে-র পর সব অত্যাচারের ফাইল খোলা হবে, এটা মোদীর গ্যারান্টি।’

তৃণমূল কংগ্রেসকে নিশানা করে তিনি আরও বলেন, বাংলায় মহিলাদের উপর একাধিক অত্যাচারের ঘটনা ঘটেছে এবং সেই কারণেই এবারের নির্বাচনে নারীশক্তি বড় ভূমিকা নিতে চলেছে। তাঁর দাবি, এই ভোটেই রাজ্যে পরিবর্তনের সূচনা হবে।

প্রথম দফার ভোটে বিপুল ভোটদানের প্রসঙ্গ টেনেও শাসকদলকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তাঁর কটাক্ষ, ‘প্রদীপ নিভে যাওয়ার আগে যেমন জ্বলে ওঠে, তৃণমূলের অবস্থাও এখন তেমন।’

সভা থেকে বিজেপির সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী সুরে বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী। পানিহাটির এই সভা ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। বিশেষ করে আরজি কর ইস্যুকে সামনে রেখে নির্বাচনী লড়াই যে আরও তীব্র হয়ে উঠছে, তা স্পষ্ট।