জনকল্যাণ শিবিরের প্রচারে গাফিলতি নিয়ে সিউড়ি পুরসভার ফিন্যান্স অফিসারকে ধমক দিলেন মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। এদিন সিউড়ি শহরের সিধু কানহু মঞ্চে আয়োজিত জনকল্যাণ শিবিরে ঘটনাটি ঘটে। জনকল্যাণ শিবিরের ব্যানার নিয়ে আপত্তি তোলেন মন্ত্রী। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবি-সহ জনকল্যাণ ব্যানার সঠিকভাবে টাঙানো হয়নি। খুব খারাপ ব্র্যান্ডিং হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। এমন অভিযোগ তুলে ফিন্যান্স অফিসারকে ধমক দিয়ে বলেন, ‘এখনও মাথায় তৃণমূল ঢুকে আছে নাকি? যতগুলো শিবির পরিদর্শন করলাম সব থেকে খারাপ ব্র্যান্ডিং এখানে।’
ক্ষমতা পালাবদলের পর বিজেপি সরকারের তরফে রাজ্যের সব জেলায় শুরু হয়েছে জনকল্যাণ শিবির। রাজ্য ও কেন্দ্র সরকারের প্রায় ৫৫টি প্রকল্পের পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই শিবিরের আয়োজন করা হয়েছে। গত ১৫ জুন থেকে এই জনকল্যাণ শিবির শুরু করা হয়েছে। শুরুর পর থেকেই প্রতিটি শিবিরেই উপচে পড়ছে ভিড়। সেকথা ভেবে জনসাধারণের সুবিধার্থে আরও একদিন বাড়িয়ে ১৭ জুনের বদলে ১৮ জুন পর্যন্ত এই শিবির চলবে বলে জানানো হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে একাধিক মন্ত্রী এই শিবিরগুলি পরিদর্শন করছেন।
সেইরকম এদিন সিউড়ির সিধু কানহু মঞ্চে আয়োজিত জনকল্যাণ শিবির পরিদর্শনে যান মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। শিবিরে ঢোকার মুখে ব্যানারের ডিসপ্লে দেখে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ছবি হজম করতে অসুবিধা হচ্ছে? এটা একটা ব্যানার টাঙানোর ধরন? এভাবে শিবির চালাবেন? এটা কীভাবে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ছবি ঝুলিয়ে রেখেছেন? এখনও মাথায় তৃণমূল ঢুকে আছে নাকি? যতগুলি শিবির পরিদর্শন করলাম সব থেকে খারাপ ব্রান্ডিং এখানে।’




