দীপাবলির রাতে পর পর অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে। রবিবার মাঝরাতে হাওড়ার লিলুয়ার পঞ্চাননতলা বাজারে এবং দুর্গাপুরের এক ডেকরেটর সংস্থায় আগুন লাগে। তার জেরে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়। ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ ও দমকল। সোমবার সকালে দুই এলাকায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে লিলুয়ায় ৫টি দোকান এবং দুর্গাপুরের ডেকরেটর সংস্থার সমস্ত জিনিসপত্র ভস্মীভূত হয়ে গিয়েছে। আবার উৎসবের আনন্দ মুহূর্তে বদলে যায় আতঙ্ক আর কান্নায়। কারণ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এবং বহরমপুরে পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রঘুনাথগঞ্জে আগুনে ভস্মীভূত হয়েছে প্রায় ১০টি দোকান। বহরমপুরে বাজির আগুনে পুড়ে গিয়েছে দুটি বাড়ির একাংশ।
স্থানীয় সূত্রে খবর, লিলুয়ার বাজারে একটি খাবারের দোকানে প্রথমে আগুন লেগেছিল। সেখান থেকে অন্যান্য দোকানে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা আগুন লেগেছে দেখতে পেয়ে তড়িঘড়ি আগুন নেভানোর কাজে হাত লাগান। পুলিশ অনুমান করছে, দীপাবলির রাতে এলাকায় বাজি ফাটানোর সময় সেখান থেকেই দোকানগুলিতে আগুন লাগতে পারে। এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। আর দুর্গাপুরে বেনাচিতি অঞ্চলের গুরুদুয়ারা রোডের একটি ডেকরেটর সংস্থার গোডাউনেও আগুন লেগে যায়। মাঝরাতে কেউ বুঝে ওঠার আগেই আগুন এলাকায় ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আসে স্থানীয় থানার পুলিশ এবং দমকলের দুটি ইঞ্জিন। প্রায় দু’ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলের কর্মীরা। তবে ডেকরেটর সংস্থায় কেমনভাবে আগুন লাগল সেটার কারণ জানা যায়নি। ডেকরেটর সংস্থা সূত্রে খবর, গোডাউনে লক্ষাধিক টাকার জিনিস ছিল। আগুনে সব ভস্মীভূত হয়েছে।
আবার দীপাবলির রাতে এমন পর পর অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাভাবিকভাবেই ওই এলাকাগুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেমনভাবে ওই এলাকাগুলিতে আগুন লাগল সেটা খতিয়ে দেখছে স্থানীয় থানার পুলিশ। বড় কোনও দুর্ঘটনা ঘটার আগেই আগুন নিয়ন্ত্রণে আসায় স্বস্তি পান এলাকাবাসী। আবার সোমবার ভোরে রঘুনাথগঞ্জ শহরের ফুলতলা মোড় সংলগ্ন এলাকায় হঠাৎই একটি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলিতে। দাউদাউ করে জ্বলতে থাকে একের পর এক দোকান। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল, প্রায় ১০টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন দমকলকর্মীরা।
তাছাড়া চোখের সামনে নিজেদের দোকান পুড়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়েন ব্যবসায়ীরা। কালীপুজোর রাতেই বহরমপুরের কসাইখানা এলাকার মাজদিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনার পিছনে বাজি থেকে ছিটকে আসা আগুনের ফুলকি আছে বলে জানা গিয়েছে। তা থেকেই আগুন ছড়িয়ে পড়ে দুটি বাড়িতে। দ্রুত আগুন গ্রাস করে বাড়ির একাংশ। দুটি ঘরের সব আসবাবপত্র এবং অন্যান্য সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুনের হাত থেকে রেহাই পায়নি বাড়িতে থাকা মোটরবাইকও। তবে দমকল পৌঁছনোর আগেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।




