• facebook
  • twitter
  • youtube
Monday, 22 June, 2026

বীরভূমের বহু স্কুল ‘পিএমশ্রী’-র আওতায়, বাছাইপর্বে প্রায় ২৭৮ স্কুল

কেন্দ্রের জাতীয় শিক্ষানীতির লক্ষ্য পূরণে প্রতিটি ব্লক থেকে একটি প্রাথমিক এবং একটি উচ্চ মাধ্যমিক স্তরের সরকারি বা সরকার-পোষিত বিদ্যালয়কে মডেল স্কুল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে

প্রতিনিধিত্বমূলক চিত্র

বীরভূমের একাধিক স্কুল খুব তাড়াতাড়ি ‘পিএমশ্রী’ প্রকল্পের আওতায় আসতে চলেছে। জেলার ১৯টি ব্লকে সমীক্ষার কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। এখন কেন্দ্রীয় অনুমোদনের অপেক্ষা। প্রশাসন সূত্রে খবর, খুব শীঘ্রই ‘পিএমশ্রী’ তকমা পাওয়া বিদ্যালয়গুলির তালিকা প্রকাশ করা হবে।

কেন্দ্রের জাতীয় শিক্ষানীতির লক্ষ্য পূরণে প্রতিটি ব্লক থেকে একটি প্রাথমিক এবং একটি উচ্চ মাধ্যমিক স্তরের সরকারি বা সরকার-পোষিত বিদ্যালয়কে মডেল স্কুল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজনৈতিক পরিবর্তনের পর জেলার ২৭৮টি বিদ্যালয় পরিদর্শন ও মূল্যায়নের কাজ শেষ হয়েছে। অনুমোদন পেলে নির্বাচিত বিদ্যালয়গুলিতে আধুনিক শিক্ষার উপযোগী পরিকাঠামো গড়ে তোলা হবে।

প্রকল্পের আওতায় স্মার্ট ক্লাসরুম, আধুনিক বিজ্ঞানাগার, সমৃদ্ধ গ্রন্থাগার, উন্নত ক্রীড়া পরিকাঠামো এবং বৃত্তিমূলক শিক্ষার সুযোগ বৃদ্ধি করা হবে। পাশাপাশি সৌরবিদ্যুৎ উৎপাদন,বর্জ্য ব্যবস্থাপনার, বৃষ্টির জল সংরক্ষণের মতো পরিবেশবান্ধব ব্যবস্থাও চালু করা হবে। ২০২৭ সালের মধ্যে ধাপে ধাপে বিদ্যালয়গুলিকে পুরোপুরিভাবে ‘পিএমশ্রী’ মডেলে পরিণত করার হবে বলে খবর।

এই প্রকল্পে মোট ব্যয়ের ৬০ শতাংশ বহন করবে কেন্দ্রীয় সরকার এবং ৪০ শতাংশ দেবে রাজ্য সরকার। অনুমোদন পেলে একটি প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রায় এক কোটি টাকা এবং একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জন্য প্রায় আড়াই কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা মিলতে পারে।

জেলা প্রশাসনের দাবি, অতীতে বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে প্রকল্পের বাস্তবায়ন আটকে ছিল। নতুন উদ্যোগে সেই বাধা কাটিয়ে এগোনোর পথ তৈরি হয়েছে। এর ফলে জেলার প্রায় ৫০টি বিদ্যালয়ের উন্নয়নের সম্ভাবনা তৈরি হয়েছে।

নানুর ও লাভপুরের বিভিন্ন শিক্ষা চক্রের একাধিক উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয় এই সমীক্ষার আওতায় এসেছে। কীর্ণাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়, ভেপুরা হাইস্কুল, বড়া শ্রীগৌরাঙ্গ বিদ্যালয়, যাদবলাল বিদ্যালয়, কুরুম্বা মুকুন্দলাল হাইস্কুল-সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান সম্ভাব্য তালিকায় রয়েছে। পাশাপাশি মোহনপুর, চণ্ডীপুর, আলিগ্রাম, পোষলা, হাতিয়া, লায়েকপুর, হীরাপুর-সহ বহু প্রাথমিক বিদ্যালয়ও বাছাইপর্বে রয়েছে।

বিদ্যালয়গুলির প্রধান শিক্ষকদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে অনলাই পোর্টালে আপলোড করা হচ্ছে। জেলার মোট ৬১২টি স্কুলের মধ্যে ২৭৮টি স্কুল বর্তমানে বিবেচনাধীন। রাজ্য সরকারের সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের চূড়ান্ত অনুমোদন মিললেই ‘পিএমশ্রী’ তকমাপ্রাপ্ত স্কুলগুলির নাম ঘোষণা করা হবে। এখন সেই ঘোষণার দিকেই তাকিয়ে রয়েছে জেলার শিক্ষা মহল।