• facebook
  • twitter
Saturday, 11 April, 2026

নববর্ষে শিলিগুড়িতে মমতার প্রচার

গৌতম দেবের সমর্থনে পদযাত্রায় জোর তৃণমূলের

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রচারে নতুন গতি আনতে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৩ এপ্রিল প্রথম দফায় উত্তরবঙ্গ সহ ১৫২টি আসনে নির্বাচন রয়েছে। এই ভোটের আগে শেষ মুহূর্তে প্রচার জোরদার করতেই  মুখ্যমন্ত্রীর এই সফর বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, বাংলা নববর্ষের দিনটি তিনি শিলিগুড়িতেই কাটাবেন এবং সেখানে পদযাত্রা করে জনসংযোগে অংশ নেবেন। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গৌতম দেবের সমর্থনে মুখ্যমন্ত্রী একটি পদযাত্রা করবেন বলে জানা গিয়েছে।

সাধারণত নববর্ষের দিন কোনও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন না মুখ্যমন্ত্রী, তবে এবছর ব্যতিক্রম ঘটিয়ে তিনি প্রচারে নামছেন, যা দলীয় কর্মীদের মধ্যে বাড়তি উদ্দীপনা তৈরি করেছে। দলীয় সূত্রে জানা যাচ্ছে, শিলিগুড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা সম্ভবত মাল্লাগুড়ি থেকে বাঘাযতীন পার্ক বা আশপাশের রুট ধরে পদযাত্রা হতে পারে। তবে এখনও পর্যন্ত উত্তরবঙ্গ সফরের কোনও অনুষ্ঠান সূচি এখনও ঠিক হয়নি।  চূড়ান্ত রুট এখনও নির্ধারিত হয়নি। হিলকার্ট রোডকে কেন্দ্র করে এই কর্মসূচি হওয়ার সম্ভাবনাই বেশি।

Advertisement

শনিবার ১ নম্বর ওয়ার্ডে গিয়ে গৌতম দেব মুখ্যমন্ত্রীর সফরের কথা ঘোষণা করেন। এই সফর নিয়ে প্রার্থী গৌতম দেব জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর উপস্থিতি দলের জন্য বড় শক্তি। তাঁর কথায়, ‘নববর্ষের দিন সচরাচর মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও যাননা। কিন্তু এবছর তিনি এই দিনটিকে বেছে নিয়েছেন শিলিগুড়িতে প্রচার করবেন বলে। দিদি এলে কর্মীদের মধ্যে আলাদা উৎসাহ তৈরি হয়। আমরা তাঁর বক্তব্য শোনার অপেক্ষায় আছি এবং এই আসন জিতে তাঁকে উপহার দিতে চাই।’

Advertisement

এর আগে সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও শিলিগুড়িতে জনসভা করেছেন। তার পর থেকেই কর্মীদের মধ্যে প্রচারের গতি আরও বেড়েছে। এবার মুখ্যমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু করেছে জেলা নেতৃত্ব। ভোটের আগে শিলিগুড়িতে তৃণমূলের প্রচারে নতুন মাত্রা যোগ করতে চলেছে মমতার এই পদযাত্রা, যা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisement