শনিবার কেশিয়াড়িতে নির্বাচনী জনসভা থেকে তীব্র ভাষায় বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, ভবানীপুর কেন্দ্রে তাঁর মনোনয়ন বাতিল করার জন্য পরিকল্পিত ষড়যন্ত্র করা হয়েছিল। তাঁর দাবি, ভুয়ো এফিডেভিট তৈরি করে তাঁর প্রার্থিতা খারিজ করার চেষ্টা চালানো হয়, যদিও শেষ পর্যন্ত তা সফল হয়নি।
মমতা বলেন, তাঁকে নির্বাচনে দাঁড়াতে বাধা দেওয়ার জন্য বারবার অপমান করা হয়েছে। এই ঘটনার মাধ্যমে সাধারণ মানুষকেও সতর্ক করে তিনি জানান, তাঁর সঙ্গে এমন আচরণ হলে সাধারণ ভোটারদের ক্ষেত্রেও একই ধরনের অন্যায় হতে পারে। তিনি আরও অভিযোগ তোলেন যে, এই লড়াই শুধু বিজেপিরবিরুদ্ধে নয়, বরং একটি বৃহত্তর চক্রান্তের বিরুদ্ধে।
এসআইআর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী দাবি করেন, এটি একটি বড় ধরনের কেলেঙ্কারি এবং এর মাধ্যমে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা চলছে। একইসঙ্গে বিজেপির ঘোষিত সংকল্প পত্রেরও কড়া সমালোচনা করেন তিনি এবং ইউনিফর্ম সিভিল কোডের বিরোধিতা করার কথা স্পষ্টভাবে জানান।
বাংলায় নির্বাচনের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলে মমতা অভিযোগ করেন, ইভিএম লুঠসহ নানা অনিয়মের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। তাঁর বক্তব্য, বিজেপি মানুষের মতামতকে সম্মান করে না এবং ভয় দেখিয়ে রাজনীতি করতে চায়।সভা থেকে সাধারণ মানুষকে সতর্ক করে তিনি বলেন, ভোটের দিন বাইরের লোকজন দেখলে অভিযোগ জানাতে হবে এবং গণতন্ত্র রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে।




