বাতিল ভোটারদের ভোটাধিকার নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরে কোচবিহারে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এই রায়ে তিনি অত্যন্ত সন্তুষ্ট এবং বিচারব্যবস্থার প্রতি গর্বিত। তাঁর কথায়, এসআইআর নিয়ে প্রথম থেকেই তিনিই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন, তাই এই সিদ্ধান্তে তিনি খুবই আনন্দিত।
মমতা জানান, দিনহাটা থেকে কোচবিহারে পৌঁছনোর পরই তিনি এই রায়ের খবর পান। তিনি রাজ্যের মানুষকে অভিনন্দন জানান এবং বলেন, শুরু থেকেই তিনি সকলকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছিলেন। আদালতের রায়ে সেই আস্থাই সঠিক প্রমাণিত হয়েছে।
Advertisement
কোচবিহারের হেলিপ্যাডে নেমেই মমতা বলেন, ‘সকলকে অভিনন্দন। দিনহাটা থেকে হেলিকপ্টারে উঠেই আমি সুখবরটা পেলাম। প্রথম থেকে বলে আসছিলাম, সকলে ধৈর্য ধরুন। আমি খুব খুশি। বিচারব্যবস্থার জন্য গর্বিত। আমিই মামলা করেছিলাম। তাই আজ আমার চেয়ে খুশি কেউ নয়।’ সেই সঙ্গে দলীয় কর্মীদের জন্য নির্দেশ দেন মমতা।
Advertisement
তিনি বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, যাঁরা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন তাঁদের নাম নিয়ে অতিরিক্ত ভোটার তালিকা প্রথম দফার ভোটের দু’দিন আগে, অর্থাৎ ২১ এপ্রিল প্রকাশ করা হবে। এই তালিকা প্রকাশের পরই তৃণমূল কর্মীদের দ্রুত বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ পৌঁছে দিতে হবে, যাতে বাদ পড়া যোগ্য ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটের ক্ষেত্রেও দু’দিন আগে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে। সুপ্রিম কোর্টের এই রায়ের কথা উল্লেখ করেন মমতা। ভোটারদের নিশ্চিন্ত থাকার পরামর্শ দিয়েছেন।
উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়ায় রাজ্যে প্রায় ৬০ লক্ষাধিক ভোটারের নাম পুনর্বিবেচনার তালিকায় ছিল। ট্রাইব্যুনালের মাধ্যমে যাচাইয়ের পরও যাঁদের নাম বাদ পড়েছিল, তাঁদের ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, ভোটের দু’দিন আগে ট্রাইব্যুনাল ছাড়পত্র দিলেও ভোট দেওয়া যাবে। ১৪২ ধারা অনুযায়ী, বিশেষ ক্ষমতা প্রয়োগ করেছে শীর্ষ আদালত। আদালতের এই সিদ্ধান্তেই খুশি মমতা।
Advertisement



