• facebook
  • twitter
  • youtube
Wednesday, 1 July, 2026

হাসপাতাল থেকে ছুটি নিয়ে বিধানসভায় শপথ মদনের

শপথের শেষে ‘জয় বাংলা’ ধ্বনিও দেন তিনি

হাসপাতাল থেকে ছুটি নিয়ে বিধানসভায় শপথ মদনের

অসুস্থতার কারণে সোমবার থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন তৃণমূল নেতা মদন মিত্র। তবে বিধায়ক হিসেবে শপথ নিতে বুধবার স্বল্প সময়ের জন্য হাসপাতাল থেকে ছুটি নিয়ে বিধানসভায় পৌঁছে যান তিনি। শপথগ্রহণের পর ফের হাসপাতালে ফিরে যান কামারহাটির জয়ী এই প্রার্থী। বুধবার দুপুরে সাদা পাজামা-পাঞ্জাবি ও চোখে মোটা ফ্রেমের চশমা পরে বিধানসভায় আসেন মদন। স্পিকার তাপস রায় তাঁকে শপথবাক্য পাঠ করান।

শপথের শেষে ‘জয় বাংলা’ ধ্বনিও দেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মদন বলেছেন, ‘আজ উত্তর ২৪ পরগনার সব বিধায়কের শপথের দিন। আমি না এলে ভালো দেখাত না।’ এবারের নির্বাচনে কামারহাটি কেন্দ্র থেকে জয়ী হয়েছেন মদন মিত্র। গোটা রাজ্যে তৃণমূলের ফল খারাপ হলেও নিজের কেন্দ্র ধরে রাখতে সক্ষম হয়েছেন তিনি। গত সোমবার আচমকা অসুস্থ হয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন এই তৃণমূল নেতা।