রাজ্যের পরবর্তী রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিতে চলেছেন প্রবীণ আইএএস অফিসার ড. কৃষ্ণ গুপ্তা। বুধবার স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের সমন্বয় শাখা থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশেষ বিজ্ঞপ্তিতে তাঁর নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ জুন অবসর গ্রহণের পর তিনি রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন।
বর্তমানে রাজ্যের কলকাতা, বিধাননগর, হাওড়া, শিলিগুড়ি-সহ একাধিক পুরসভার নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। বিভিন্ন পুরসভায় এখনও নির্বাচন না হওয়ায় প্রশাসক নিয়োগ করে কাজ চালানো হচ্ছে। ফলে দীর্ঘদিন ধরেই এই পুরসভাগুলিতে নির্বাচন আয়োজনের দাবি জানানো হচ্ছিল।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই পুরসভাগুলিতে দ্রুত নি্র্বাচন করানোর নির্দেশ দিয়েছেন। দীর্ঘদিন শূন্য থাকা রাজ্য নির্বাচন কমিশনারের পদে নতুন নিয়োগকে তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, এই নিয়োগের মাধ্যমে পুর নির্বাচন আয়োজনের প্রক্রিয়া আরও গতি পেতে পারে।
সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতীয় সংবিধানের ২৪৩ কে (১) অনুচ্ছেদ এবং পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন আইন, ১৯৯৪-এর ৩ নম্বর ধারা ও ৩এ ধারার ১ নম্বর উপধারার বিধান অনুসারেই এই নিয়োগ করা হয়েছে। রাজ্যপালের আদেশক্রমে বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল।




