শুক্রবার সকাল থেকে একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে আয়কর দপ্তরের আধিকারিকেরা। তৃণমূলের বিদায়ী বিধায়ক তথা রাসবিহারীর প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে হানা দেয় আইটি। এছাড়া কালীঘাটের এক তৃণমূলের বাড়িতেও তল্লাশি চালায় আয়কর দপ্তর।
কালীঘাটের গ্রিক চার্চের কাছে তৃণমূল নেতা ও ব্যবসায়ী কুমার সাহার বাড়িতে সকাল থেকেই অভিযান শুরু করেন আয়কর দপ্তরের আধিকারিকেরা। বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, এবং তৃণমূলের কর্মী-সমর্থকেরা জড়ো হয়ে বিক্ষোভও দেখাতে শুরু করেন। কেন এই তল্লাশি, তা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
Advertisement
রাসবিহারীর বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি ও নির্বাচনী কার্যালয়ে তল্লাশি চালায় আয়কর দপ্তর। তাঁর মনোহরপুকুর রোডের বাসভবন ছাড়াও মতিলাল নেহরু রোডে অবস্থিত পার্টি অফিসেও অভিযান চলে। সেই তল্লাশির মাঝেই কালীঘাটে নতুন করে এই অভিযানের খবর সামনে আসে।
Advertisement
দুই অভিযানের মধ্যে সরাসরি কোনও যোগ রয়েছে কি না, তা এখনও পরিষ্কার নয়। তবে সূত্রের দাবি, দেবাশিস কুমারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কুমার সাহার। উল্লেখ্য, জমি সংক্রান্ত একটি মামলায় সম্প্রতি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) একাধিকবার দেবাশিসকে তলব করেছিল।
দক্ষিণ কলকাতায় তৃণমূলের প্রভাবশালী সংগঠক হিসেবে পরিচিত কুমার সাহার রাজনৈতিক যাত্রা দীর্ঘদিনের। তিনি একসময় সোমেন মিত্রর ঘনিষ্ঠ হিসেবে কংগ্রেসে ছিলেন, পরে তৃণমূলে যোগ দেন। সময়ের সঙ্গে দলের অন্দরে তাঁর গুরুত্ব বেড়েছে, বিশেষ করে ২০১৪ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব সংগঠনের দায়িত্ব নেওয়ার পর।
বর্তমানে দক্ষিণ কলকাতার হাজরা ও রাসবিহারী এলাকায় দলীয় কর্মসূচিতে জনসমাগম ঘটাতে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। দেবাশিস, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী-সহ দক্ষিণ কলকাতায় তৃণমূলের বিভিন্ন নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে কুমারের। ৬৪ পল্লির দুর্গাপুজো তাঁরই পুজো বলে পরিচিত। কালীঘাট মন্দিরেও তাঁর বড় প্রভাব রয়েছে বলে সূত্রের খবর।
Advertisement



