• facebook
  • twitter
Thursday, 21 May, 2026

এই বছরেই হবে হাওড়ার পুরভোট, প্রশাসনিক বৈঠকের পর ঘোষণা মুখ্যমন্ত্রীর

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই হাওড়া পুরনিগম ও বালি পুরসভায় নির্বাচিত পুরবোর্ড গঠিত হবে

দীর্ঘ ১৩ বছর পর অবশেষে হাওড়া পুরভোটের জট কাটতে চলেছে। বৃহস্পতিবার হাওড়ায় প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই হাওড়া পুরনিগম ও বালি পুরসভায় নির্বাচিত পুরবোর্ড গঠিত হবে।

২০১৩ সালের পর থেকে হাওড়ায় আর কোনও পুরভোট হয়নি। হাওড়া পুরনিগমের সঙ্গে বালি পুরসভার সংযুক্তি ও পরে পৃথকীকরণ, পাশাপাশি ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে আইনি জটিলতার কারণেই ভোট বারবার পিছিয়ে যায়। নতুন সরকার গঠনের পর পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করেন। সেই সূত্রেই এ দিন মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, এ বছরের মধ্যেই ভোটের প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নিয়েছে সরকার।

Advertisement

বৈঠকের পরে শুভেন্দু বলেন, হাওড়াকে উন্নত ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে প্রাথমিক নাগরিক পরিষেবার উন্নয়নে জোর দেওয়া হবে। তিনি জানান, ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজ শেষ করে নির্বাচিত পুরবোর্ডের হাতে প্রশাসনিক দায়িত্ব তুলে দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যেই আসনবিন্যাসের কাজও শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর কথায়, নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমেই সাধারণ মানুষ প্রকৃত পরিষেবা পেতে পারেন। তাই ডিসেম্বরের মধ্যেই গণতান্ত্রিকভাবে নির্বাচিত বোর্ড গঠনের বিষয়ে সরকার আশাবাদী।

Advertisement

পাশাপাশি পানীয় জল, সাফাই, নিকাশি, পার্ক, স্বাস্থ্যকেন্দ্র ও পুরসভার শিক্ষা পরিষেবার উন্নয়নের কথাও বলেন মুখ্যমন্ত্রী। এই কাজগুলির তদারকির জন্য জেলাশাসকের নেতৃত্বে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। কমিটির উপর নজর রাখবেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের সচিব।

রেলের সঙ্গে রাজ্য প্রশাসনের সমন্বয়ের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন শুভেন্দু। তিনি বলেন, হাওড়ার উন্নয়নে রেলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে অবৈধ অনুপ্রবেশ রুখতে পুলিশ ও আরপিএফ-কে কড়া নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এছাড়া পূর্বতন সরকারের আমলের রাজনৈতিক হিংসা, নারী নির্যাতন ও অবৈধ নির্মাণ সংক্রান্ত অভিযোগগুলির তদন্তে পুলিশকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

 

Advertisement