জুলাইয়ের প্রথম থেকেই ‘অন্নপূর্ণা’ লাভ মহিলাদের, কাদের কপাল পুড়ল জেনে নিন

১ জুলাই রাজ্যের লক্ষ লক্ষ মহিলার অপেক্ষার অবসান ঘটল। কারণ প্রতিশ্রুতি মতো আজ থেকে রাজ্যে চালু হয়ে গেল অন্নপূর্ণা যোজনা। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অন্নপূর্ণা যোজনার জন্য বিশেষ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখান থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রকল্পের উদ্বোধন করেন। সেই সঙ্গে তিনি অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণাও করেন।

এদিন শুভেন্দু অধিকারী বলেন, ‘অন্নপূর্ণা যোজনায় ১ কোটি ৫১ লক্ষ আবেদন জমা পড়েছিল। স্ক্রুটিনি করে আবেদনের ২৬ লক্ষ ফর্ম বাতিল করা হয়েছে। ইতিমধ্যেই ১ কোটি ৩০ লক্ষেরও বেশি অ্যাকাউন্টে টাকা চলে গিয়েছে। বাকিদের অ্যাকাউন্টে ১ জুলাই অর্থাৎ আজ থেকে তিন হাজার টাকা পাঠানো হবে।’ তবে নিয়মের বাইরে যাতে কেউ টাকা না পান, সেইদিকে তিনি নজর রাখতে বলেছেন। এ বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, অন্নপূর্ণা যোজনার উপযুক্ত প্রাপকদের চিহ্নিত করে মহিলাদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা পৌঁছে যাবে। প্রধানমন্ত্রীর গ্যারান্টির দিকে আরও অনেকটা এগোলাম।

এর পাশাপাশি এদিন শুভেন্দু অধিকারী জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার মাধ্যমে অনেক মহিলাকে সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হবে। নথিভুক্ত উপভোক্তাদের মধ্যে প্রায় ৫ লক্ষ আদিবাসী মহিলা রয়েছেন। তাঁরাও এই প্রকল্পের সুবিধা পাবেন। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অন্নপূর্ণা যোজনার অনুষ্ঠানে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া ও কলকাতা থেকে অনেক মহিলারা উপস্থিত ছিলেন।


আরও পড়ুন: ২৮ লক্ষ থেকে সওয়া কোটি: একমাসেই অন্য ছবি অন্নপূর্ণা যোজনায়, সংখ্যা দিয়েই জবাব দিলেন মুখ্যমন্ত্রী

কিন্তু আপনি কি অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলাপ করেও টাকা পাননি? সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে আপনার নাম রয়েছে কি না সেটা কীভাবে দেখবেন? তবে এর জন্য আপনার আধার কার্ড ও মোবাইল নম্বর নিজের সঙ্গে রাখবেন।

উল্লেখ্য, অন্নপূর্ণা যোজনার প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের ২৫-৬০ বছর বয়সি মহিলারা এর থেকে উপকৃত হবেন। ডিবিটি-র মাধ্যমে সরাসরি অ্যাকাউন্ট ট্রান্সফারের জন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক করতেই হবে। নইলে আপনি এই প্রকল্প থেকে বঞ্চিত হবেন। সরকার আবেদনকারীর সমস্ত তথ্য যাচাই করার পর সংশ্লিষ্ট অ্যাকাউন্টে সরকারের তরফে টাকা পাঠানো হবে।