শনিবার রাত প্রায় ১২টা নাগাদ আর জি কর মেডিক্যাল কলেজে পৌঁছন স্বাস্থ্যসচিব। সেখানে উপস্থিত ছিলেন হাসপাতালের অধ্যক্ষ মানসকুমার বন্দ্যোপাধ্যায়, সুপার সপ্তর্ষী চট্টোপাধ্যায় এবং সহকারী সুপার দৈপায়ন বিশ্বাস। ট্রমা কেয়ার ইউনিট থেকে শুরু করে মেডিসিন ও সার্জারি বিভাগের একাধিক ওয়ার্ড ঘুরে দেখেন তিনি। রোগীদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যার কথাও শোনেন।
Advertisement
পরিদর্শনের সময় হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে কড়া নির্দেশ দেন স্বাস্থ্যসচিব। কোনও ওয়ার্ড বা বাথরুমে ময়লা যেন না থাকে, সে বিষয়ে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে অতিরিক্ত কর্মী নিয়োগের কথাও বলা হয়েছে।
Advertisement
এরপর রাতেই তিনি যান নীলরতন সরকার মেডিক্যাল কলেজ, ন্যাশনাল মেডিক্যাল কলেজ এবং এসএসকেএম হাসপাতালে। কলকাতা মেডিক্যাল কলেজে অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাসের সঙ্গে বৈঠক করেন তিনি। যাঁরা বেড না পেয়ে বাইরে অপেক্ষা করছিলেন, তাঁদের দ্রুত ভর্তি করানোর নির্দেশ দেন স্বাস্থ্যসচিব।
সব সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টার মধ্যে লাইভ বেড মনিটরিং ব্যবস্থা চালুর নির্দেশও দেওয়া হয়েছে। শুধু রাজ্য সরকারি হাসপাতাল নয়, কোন কেন্দ্রীয় হাসপাতালে কত বেড খালি রয়েছে, সেই তথ্যও এই স্ক্রিনে দেখানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালের পানীয় জলের মান নিয়মিত পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুরসভাকে।
প্রসঙ্গত, শুক্রবার এসএসকেএমে বৈঠকে মুখ্যমন্ত্রী সরকারি হাসপাতালে দালালচক্র রুখতে এবং রোগী পরিষেবা উন্নত করতে একাধিক নির্দেশ দিয়েছিলেন। তার পরেই স্বাস্থ্যসচিবের এই আকস্মিক সফর প্রশাসনিক তৎপরতার ইঙ্গিত দিচ্ছে।
Advertisement



