• facebook
  • twitter
  • youtube
Saturday, 4 July, 2026

শহরে নয়, গ্রামাঞ্চলে বেসরকারি মেডিক্যাল কলেজে জোর স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় জানান, নতুন মেডিক্যাল কলেজ স্থাপন করতে হলে জঙ্গলমহল, সুন্দরবন, আদিবাসী অধ্যুষিত ও অন্যান্য প্রান্তিক এলাকাকেই অগ্রাধিকার দিতে হবে

শহরে নয়, গ্রামাঞ্চলে বেসরকারি মেডিক্যাল কলেজে জোর স্বাস্থ্যমন্ত্রীর

Image: IANS

কলকাতা ও শহরতলিতে আর নতুন বেসরকারি মেডিক্যাল কলেজ খোলার অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিল রাজ্য সরকার। স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় জানান, নতুন মেডিক্যাল কলেজ স্থাপন করতে হলে জঙ্গলমহল, সুন্দরবন, আদিবাসী অধ্যুষিত ও অন্যান্য প্রান্তিক এলাকাকেই অগ্রাধিকার দিতে হবে।


বর্তমানে রাজ্যে ১৬টি বেসরকারি মেডিক্যাল কলেজ রয়েছে। আরও ১০টি কলেজ খোলার জন্য আবেদন এলেও স্বাস্থ্য দপ্তর সেই অনুমোদন আটকে রেখেছে। মন্ত্রীর কথায়, ‘বিনিয়োগ করতে চাইলে প্রান্তিক এলাকায় মেডিক্যাল কলেজ গড়ুন। এতে গ্রামের মানুষ উন্নত স্বাস্থ্য পরিষেবা পাবেন।’

গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী করতে প্রতিটি জেলা হাসপাতালে এমআরআই এবং প্রতিটি গ্রামীণ হাসপাতালে সিটি স্ক্যান মেশিন বসানোর পরিকল্পনাও নিয়েছে সরকার।

চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বছরে একবার জাতীয় এবং প্রতি তিন বছরে একবার আন্তর্জাতিক চিকিৎসক সম্মেলনের আয়োজন করবে স্বাস্থ্য দপ্তর। এতে দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন রাজ্যের চিকিৎসকেরা।

এদিকে শহরের বস্তি এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে ২৮০টি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু করা হয়েছে। এই ইউনিটগুলিতে থাকবে আল্ট্রাসনোগ্রাফি, হ্যান্ড-হেল্ড এক্স-রে ও অটো অ্যানালাইজারের মতো আধুনিক চিকিৎসা সরঞ্জাম। মূলত শনিবার বিকেল ও রবিবার এই পরিষেবা দেওয়া হবে, যাতে দিনমজুর ও শ্রমজীবী মানুষ সহজে চিকিৎসার সুযোগ পান।