গ্রেপ্তার হওয়া বাদুড়িয়ার পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্যের পাটের খেতে মাটি খুঁড়ে টাকা উদ্ধার করল পুলিশ। টাকা ভর্তি মোট চারটি ট্রলি এবং একটি বস্তা উদ্ধার হয়েছে। তার মধ্যে আনুমানিক ৮০ লক্ষ টাকা পাওয়া গিয়েছে বলে খবর। সোমবার বাদুড়িয়ার পুরপ্রধানকে একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তখনও প্রায় ৮০ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার তাঁকে ছয় দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। বুধবার দীপঙ্করকে সঙ্গে নিয়েই তৃণমূল কার্যালয়ের পাশে একটি জমিতে যায় পুলিশ। খেতের একটি জায়গায় খুঁড়ে ব্যাগভর্তি টাকা উদ্ধার করা হয়।

Advertisement
প্রত্যক্ষদর্শীদের দাবি চারটি ব্যাগ এবং একটি বস্তা উদ্ধার করেছে পুলিশ। সব কটি ব্যাগের ভিতরেই তাড়া তাড়া ৫০০ টাকার নোট ছিল। স্থানীয়দের একাংশের অভিযোগ, গত ২৪ মে রাতে দীপঙ্করের অফিস এবং তৃণমূল কার্যালয়ে ভ্যানে করে সরকারি ত্রিপল নিয়ে যেতে দেখেছেন। তাঁরাই বাদুড়িয়া থানায় খবর দেন। দীপঙ্কর এবং তাঁর সহযোগীরা সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন। পুলিশ গিয়ে দেখে কার্যালয়ের সামনে প্রচুর নথিপত্র আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।
Advertisement
তল্লাশি চালিয়ে প্রচুর সরকারি ত্রিপল পাওয়া যায়। সংখ্যাটা দাঁড়ায় প্রায় চার হাজার। বিজেপি এবং সিপিএমের তরফে দুটি পৃথক অভিযোগ দায়ের করা হয় দীপঙ্কের বিরুদ্ধে। সোমবার পুরপ্রধানকে গ্রেপ্তারের রাতেই বাদুড়িয়া পুরসভা পরিচালিত পরিত্যক্ত কম্পিউটার সেন্টার থেকে প্রায় চার হাজার সরকারি ত্রিপল এবং ৮০ লক্ষ টাকা উদ্ধার হয়। আপাত উদ্ধার হওয়া ব্যাগ এবং বস্তাবন্দি টাকা থানায় নিয়ে যাওয়া হয়েছে।
Advertisement



