হলদিয়ায় ন্যাপথা পাইপলাইনে ভয়াবহ আগুন। মঙ্গলবার ভোরে আগুন লাগায় এলাকায় আতঙ্ক ছড়ায়। ভোর ৪টে নাগাদ হলদিয়া শোধনাগারের ন্যাপথা পরিবহণকারী একটি পাইপলাইনে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন শ্রমিক পুড়ে গিয়েছেন। তাঁদের উদ্ধার করে প্রথমে হলদিয়ে মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের তমলুক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন দ্রুত পৌঁছয়। পরে সেখানে আরও কয়েকটি ইঞ্জিন যায়। স্থানীয় বাসিন্দারাও প্রথমে উদ্ধারকাজে অংশ নেন বলে খবর। কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ন্যাপথা বহনকারী পাইপলাইন ফেটে যাওয়ার জেরেই আগুনের সূত্রপাত হতে পারেতবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ন্যাপথা পাইপলাইন ফেটে যাওয়ার জেরেই আগুন ধরে থাকতে পারে। আগুনের তীব্রতায় আশপাশে কাজ করা শ্রমিকরা ঝলসে যান।
হলদিয়া-পাঁশকুড়া সংযোগকারী রেললাইনের পাশেই আগুন লাগায় ওই লাইনের ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দমকলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটলে, সে বিষয়ে এখনও পর্যন্ত কারখানা কর্তৃপক্ষের তরফে কোনও বক্তব্য প্রকাশ করা হয়নি।




