আপ দুন এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল স্টেশন

Photo: Facebook

হঠাৎই আপ দুন এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা। জানা গিয়েছে, শনিবার প্রথমে ট্রেনের চালক ও গার্ড আগুন লাগার বিষয়টি লক্ষ্য করেন। এরপরে হুগলির রিষড়া স্টেশনে ট্রেনটিকে থামিয়ে যাত্রীদের সঙ্গে সঙ্গে নামিয়ে দেওয়া হয়। রেলের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভান। গোটা ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয়। তবে কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি।

শনিবার রাত ৯টা নাগাদ হুগলির রিষড়া স্টেশনে ট্রেনটি ঢোকার সময়ে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, আপ দুন এক্সপ্রেস রিষড়া স্টেশনে ঢোকার সময় গার্ড এবং চালক আগুন লক্ষ্য করেন। সেই মুহূর্তেই ট্রেনটি রিষড়া স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়। গোটা স্টেশন কালো ধোঁয়ায় ঢেকে যায়। যাত্রীরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন।

যাত্রীরা আতঙ্কিত হয়ে ট্রেন থেকে হুড়মুড়িয়ে নামতে শুরু করেন। রেলের উচ্চপদস্থ আধিকারিকরা খবর পেয়ে ছুটে আসেন। ট্রেনের চালক এবং গার্ড দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দমকল পৌঁছানোর আগেই ট্রেনে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে আগুন নেভানো হয় বলে জানা গিয়েছে। ঘটনার পর ট্রেনটি প্রায় ৩০ মিনিট স্টেশনেই দাঁড়িয়ে ছিল। গোটা ট্রেনটির পরীক্ষা চালানোর পর অবশেষে সেটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।


আরও পড়ুন: লক্ষ্মীপুজোর সকালে হাওড়া ডিভিশনে বাতিল ৫৯টি লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা

জানা গিয়েছে, সামনের জেনারেল কামরার নিচে থাকা ব্রেক সু-তে আগুন লেগে এই বিপত্তি ঘটে থাকতে পারে। রেলের এক আধিকারিকের কথায়, ব্রেক বাইন্ডিং থেকে আগুনের ফুলকি বেরোতে দেখা গিয়েছিল। ব্রেক প্যাডের সঙ্গে চাকার ঘর্ষণে আগুনের ফুলকি বেরোয়। সেখান থেকেই দুর্ঘটনাটি ঘটেছে। তবে দুর্ঘটনার পর সমস্ত যাত্রী সুরক্ষিত রয়েছেন বলে রেলের তরফে জানানো হয়েছে।