• facebook
  • twitter
Wednesday, 11 February, 2026

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশে ফের বিলম্ব, নতুন দিন ২৮ ফেব্রুয়ারি

৩০ নভেম্বর নতুন বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, ৯ ডিসেম্বরের পরিবর্তে ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।

প্রতীকী চিত্র

নির্বাচনী প্রক্রিয়ায় আবারও পরিবর্তন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন আরও এক দফা পিছিয়ে ২৮ ফেব্রুয়ারি নির্ধারণ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার জারি হওয়া নির্দেশিকায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এর আগে ৭ ফেব্রুয়ারি তালিকা প্রকাশের কথা থাকলেও তা প্রথমে ১৪ ফেব্রুয়ারি করা হয়। এবার সেই সময়সীমাও বাড়ানো হল।

গত ২৮ অক্টোবর পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি ঘোষণা করে কমিশন। ৪ নভেম্বর থেকে বুথ স্তরের আধিকারিকেরা বাড়ি বাড়ি গিয়ে গণনা ফর্ম বিলি শুরু করেন। এরপর ৩০ নভেম্বর নতুন বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, ৯ ডিসেম্বরের পরিবর্তে ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। একই সঙ্গে চূড়ান্ত তালিকার দিন ৭ ফেব্রুয়ারি থেকে বদলে ১৪ ফেব্রুয়ারি করা হয়। কিন্তু শেষ পর্যন্ত সেই সময়সূচিও বজায় রাখা গেল না।

Advertisement

বিশেষ সংশোধন পর্বে কমিশনের কাজের পদ্ধতি নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। শুনানির নামে সাধারণ মানুষকে ডেকে হয়রানির অভিযোগ, তথাকথিত ‘যৌক্তিক অসঙ্গতি’র অজুহাতে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা—এমন নানা অভিযোগ সামনে এসেছে। বিষয়টি আদালতেও গড়িয়েছে।

Advertisement

সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল ইঙ্গিত দিয়েছিলেন, ২১ ফেব্রুয়ারির আগে চূড়ান্ত তালিকা প্রকাশ সম্ভব নয় এবং প্রক্রিয়া শেষ হতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় লাগতে পারে। মঙ্গলবার দিল্লির নির্বাচন সদন থেকে জানানো হয়েছে, ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি চলবে। তার পর ২১ ফেব্রুয়ারি পর্যন্ত নথিপত্র যাচাই করা হবে। সব দিক খতিয়ে দেখে ২৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

বারবার দিন পরিবর্তনে স্বাভাবিকভাবেই ভোটারদের একাংশের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে।

Advertisement