• facebook
  • twitter
  • youtube
Monday, 6 July, 2026

রক্ষাকবচের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির

বিচারপতি সৌগত ভট্টাচার্য তাঁর আবেদন গ্রহণ করে মামলার শুনানির অনুমতি দিয়েছেন। সোমবার দুপুর ২টোর সময় মামলার শুনানি হওয়ার কথা

রক্ষাকবচের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ ফলতার তৃণমূল প্রার্থী  জাহাঙ্গির

ফলতা বিধানসভা কেন্দ্রে ২১ মে পুনর্নির্বাচনের আগে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। এর মধ্যেই সম্ভাব্য গ্রেপ্তারের আশঙ্কা প্রকাশ করে সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খান। বিচারপতি সৌগত ভট্টাচার্য তাঁর আবেদন গ্রহণ করে মামলার শুনানির অনুমতি দিয়েছেন। সোমবার দুপুর ২টোর সময় মামলার শুনানি হওয়ার কথা।

হাইকোর্টে দায়ের করা আবেদনে জাহাঙ্গিরের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁর বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা ও এফআইআর দায়ের করা হয়েছে। তিনি আদালতের কাছে আবেদন জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ঠিক কতগুলি মামলা এবং এফআইআর রয়েছে, সেই তথ্য রাজ্য সরকারকে স্পষ্টভাবে জানাতে হবে। একই সঙ্গে তাঁর আশঙ্কা, ভোটের আগে তাঁকে গ্রেপ্তার করে রাজনৈতিকভাবে চাপে ফেলার চেষ্টা হতে পারে।

প্রসঙ্গত, গত শনিবার ফলতায় নির্বাচনী সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি তৃণমূলের প্রার্থী জাহাঙ্গির খানকে কড়া ভাষায় আক্রমণ করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত জাহাঙ্গিরকে উদ্দেশ করে শুভেন্দুর মন্তব্য ছিল, ‘ভোট মিটে যাক, তারপর ওর ব্যবস্থা করা হবে।‘

গত কয়েক বছরে দক্ষিণ ২৪ পরগনার রাজনীতিতে জাহাঙ্গির খান অত্যন্ত প্রভাবশালী মুখ হিসেবে উঠে এসেছেন। বিধানসভা নির্বাচনের সময় ডায়মন্ড হারবার পুলিশ জেলার পর্যবেক্ষক অজয়পাল শর্মার সঙ্গে তাঁর সংঘাতও রাজনৈতিক মহলে বিশেষ আলোচনার বিষয় হয়ে ওঠে। ‘সিংহম’ খ্যাত আইপিএস অফিসার অজয়পালকে উদ্দেশ করে জাহাঙ্গিরের মন্তব্য— ‘উনি সিংহম হলেও আমিও পুষ্পা, ঝুঁকেগা নহি’— যথেষ্ট বিতর্ক তৈরি করেছিল।

অন্যদিকে, বিরোধীদের অভিযোগ, ফলতা ও ডায়মন্ড হারবার অঞ্চলে দীর্ঘদিন ধরেই সন্ত্রাস, বুথ দখল ও তোলাবাজির রাজনীতি চলছে, যার সঙ্গে জাহাঙ্গিরের নাম জড়িয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী। তাঁর দাবি, এলাকার উন্নয়ন ও মানুষের সমর্থনই তাঁর আসল জবাব দেবে।