• facebook
  • twitter
Sunday, 19 April, 2026

কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে ইডির তল্লাশি

বর্তমানে ডিসিপি পদে কর্মরত শান্তনু সিনহা বিশ্বাস দীর্ঘদিন কালীঘাট থানার দায়িত্বে ছিলেন।

কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বালিগঞ্জের ফার্ন রোডের ফ্ল্যাটে রবিবার ভোরে হানা দিল ইডি। সকাল প্রায় ৬টা নাগাদ কেন্দ্রীয় সংস্থার একটি দল আবাসনে পৌঁছে তাঁর ফ্ল্যাটে প্রবেশ করে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শুরু করে। অভিযানের নির্দিষ্ট কারণ বা কোন মামলার সূত্রে এই পদক্ষেপ, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

বর্তমানে ডিসিপি পদে কর্মরত শান্তনু সিনহা বিশ্বাস দীর্ঘদিন কালীঘাট থানার দায়িত্বে ছিলেন। অতীতে একাধিক মামলায় তাঁকে ইডির নজরে আসতে হয়েছে। কয়লা পাচার মামলায় তাঁকে তলব করা হয়েছিল, যা তিনি আদালতে চ্যালেঞ্জও করেছিলেন। পাশাপাশি মেডিক্যাল এনআরআই কোটায় ভর্তি সংক্রান্ত দুর্নীতি মামলাতেও তাঁর নাম জড়িয়েছিল। দীর্ঘ আইনি টানাপোড়েনের পর এবার সরাসরি তাঁর বাসভবনে অভিযান চালানো হল।

Advertisement

একই দিনে বেহালার এক ব্যবসায়ী, জয় কামদারের বাড়িতেও তল্লাশি চালিয়েছে ইডি। স্থানীয়দের দাবি, তিনি প্রোমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত। এর আগেও তাঁর বাড়ি থেকে নগদ অর্থ উদ্ধার হয়েছিল এবং তাঁকে দু’বার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও তিনি হাজিরা দেননি। সোনা পাপ্পু নামে এক অভিযুক্তের সঙ্গে তাঁর যোগসূত্রের ভিত্তিতেই আবার এই তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।

Advertisement

উল্লেখ্য, রাজ্যে আসন্ন নির্বাচনের আগে এই ধরনের তৎপরতা ঘিরে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকার রাজনৈতিক উদ্দেশ্যে তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করছে। যদিও ভারতীয় জনতা পার্টি সেই অভিযোগ অস্বীকার করেছে। ভোটের আবহে কলকাতাজুড়ে ইডির সক্রিয়তা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

 

 

Advertisement