সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে মেদিনীপুর বিধানসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে বিধায়ক নির্বাচিত হয়েছেন বিজেপির শঙ্কর কুমার গুছাইত। তাই এলাকার মানুষকে অভিনন্দন জানাতে সোমবার মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শালবনি ব্লকের কাশীজোড়া গ্রাম পঞ্চায়েতের বরাগাদা, পালোইবনী, করমশোল, সীতানাতপুর, পড়াশিয়া এলাকায় বিজেপি দলের তরফে অভিনন্দন যাত্রা আয়োজন করা হয়।
ওই অভিনন্দন যাত্রায় উপস্থিত ছিলেন বিজেপির মেদিনীপুর চার মণ্ডলের সম্পাদক বাপন ঘোষ, কাশীজোড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষ্ণপদ সরেন, বিজেপির মেদিনীপুর চার মণ্ডলের মহিলা মোর্চার সভানেত্রী অর্চনা মান্ডি , পালোইবনী বুথের বুথ সভাপতি মোহিত চালক ও সীতানাথপুর বুথের বুথ সভাপতি বিভূতি মাহাতো সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
Advertisement
অভিনন্দন যাত্রা শুরুর আগে এলাকার নেতৃত্বদের ফুলের মালা পরিয়ে উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানানো হয়। প্রচণ্ড গরমকে উপেক্ষা করে অভিনন্দন যাত্রায় মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। অভিনন্দন যাত্রায় অংশগ্রহণকারী সকলকে ঝাল মুড়ি খাওয়ানো হয়। অভিনন্দন যাত্রাকে কেন্দ্র করে যাতে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছিল। তবে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
Advertisement
শান্তিপূর্ণভাবে বিজেপির অভিনন্দন যাত্রা গোটা এলাকা পরিক্রমা করে। কাশীজোড়া অঞ্চলের বরাগাদা চকে শুরু হয় এবং বিভিন্ন এলাকা পরিক্রমা করে বরাগাদা চকে এসে বিজেপির অভিনন্দন যাত্রা শেষ হয়। বিজেপির মেদিনীপুর চার মণ্ডলের সম্পাদক বাপন ঘোষ বলেন এলাকার মানুষের অক্লান্ত পরিশ্রমে ও সহযোগিতায় দলের প্রার্থী শংকর কুমার গুছাইত বিপুল ভোটে বিধায়ক নির্বাচিত হয়েছেন। তাই এলাকার বাসিন্দাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর জন্য সোমবার অভিনন্দন যাত্রার আয়োজন করা হয়েছিল।
Advertisement



