• facebook
  • twitter
  • youtube
Sunday, 14 June, 2026

কলকাতা পুরসভায় আসছেন মুখ্যমন্ত্রী, বর্ষা নিয়ে কমিশনারের সঙ্গে বৈঠক হতে পারে

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারি কর্মসূচিতে এসে কলকাতা পুরসভার শীর্ষ কর্তাদের থেকে কলকাতা শহরের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে তথ্য জানতে চাইতে পারেন।

কলকাতা পুরসভায় কদিন আগে মেয়র পদে পদত্যাগ করে চলে যান ফিরহাদ হাকিম। তারপর সেখানে প্রশাসক হিসাবে কাজ চালিয়ে যাচ্ছেন পুর কমিশনার স্মিতা পাণ্ডে। এবার কলকাতা পুরসভায় পা রাখতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাত পোহালেই সোমবার কলকাতা পুরসভায় আসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে সূত্রের খবর। আর এই খবর চাউর হতেই কলকাতা পুরসভায় তৎপরতা তুঙ্গে উঠেছে। এখন সাজ সাজ রব সেখানে।

এদিকে সামনে বর্ষা আসছে। তাতে মহানগরী যেন ভেসে না যায় তার জন্য পুর কমিশনারের সঙ্গে বৈঠক করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে জানা যাচ্ছে। আবার আগামী ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষ্যে রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই তার আগে রাজ্যজুড়ে প্রধানমন্ত্রীর শুরু করা স্বচ্ছতা প্রকল্প নিয়ে কর্মসূচি করতে চায় রাজ্য সরকার। ওই প্রকল্প সঠিকভাবে শুরু করতে সোমবার থেকে কলকাতা পুরসভা স্বচ্ছতা কর্মসূচির অভিযান করবে। আর ওই কর্মসূচিতে অংশ নিতেই শুভেন্দু অধিকারী কলকাতা পুরসভায় আসবেন বলে সূত্রের খবর।

অন্যদিকে কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডেকে প্রশাসক নিয়োগ করেছে পুর ও নগরোন্নয়ন দপ্তর। যত দিন না কলকাতা পুরসভা নির্বাচন হচ্ছে, তত দিন প্রশাসক দিয়েই পুরসভার কাজকর্ম পরিচালনা করবে রাজ্য সরকার। যদিও সামনে প্রথমে বর্ষা আছে। আর তার পরে উৎসবের মরসুম সামাল দিতে হবে কলকাতা পুরসভাকে। এই সব বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে কলকাতা পুরসভার সমন্বয় জরুরি। আর তা নিয়ে বৈঠক করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাত পোহালেই মুখ্যমন্ত্রী পুরসভার সদর দফতর এলে তাঁর সঙ্গে সব বিষয়ে বিস্তারিত কথা হতে পারে কমিশনার তথা প্রশাসক স্মিতা পাণ্ডের।

এছাড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারি কর্মসূচিতে এসে কলকাতা পুরসভার শীর্ষ কর্তাদের থেকে কলকাতা শহরের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে তথ্য জানতে চাইতে পারেন। এসব কথা মাথায় রেখে সব বিভাগের ডিজিদের কলকাতা পুরসভার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ওয়াকিবহাল থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী এি খবর পাওয়ার পর রবিবারের ছুটিও বাতিল করে দেওয়া হয়েছে কলকাতা পুরসভায়। মুখ্যমন্ত্রীর আসার সময় যাতে প্রস্তুতির কোনও খামতি না থাকে তাই এমন পদক্ষেপ করা হয়েছে বলে জানা যাচ্ছে।