‘গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানের করতে এসেছি’, বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

CM Suvendu Adhikari Photo-SNS

জানুয়ারি মাসেই গঙ্গাসাগর মেলা হয়ে থাকে। ওই মেলার প্রস্তুতি নিয়ে শনিবার দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর জনসভাও করেন তিনি। কাকদ্বীপ স্টেডিয়ামে সভা করে গঙ্গাসাগরকে নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সুন্দরবনের উন্নয়নের জন্য আরও অর্থ বরাদ্দের বার্তা দিয়ে তৃণমূল সরকারের আমলে উন্নয়নের নামে দুর্নীতি, চুরি হয়েছে বলে অভিযোগ করেন। তবে গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানের করা হচ্ছে না বলে তৎকালীন মুখ্যমন্ত্রী বারবার অভিযোগ করতেন। কেন্দ্রীয় সরকার সাহায্য করে না বলেও অভিযোগ ছিল তাঁর। মুড়িগঙ্গার উপর সেতু নির্মাণের কাজ তৃণমূল আমলেই শুরু হয়।

এদিকে হাতে আর দু’মাস রয়েছে। তারপরই গঙ্গাসাগর মেলা নিয়ে কাজ শুরু হয়ে যাবে। এখানে লক্ষ লক্ষ পুণ্যার্থী এসে থাকে। তাই নিরাপত্তা এবং পরিষেবার উপর জোর দেওয়া হচ্ছে। এখানে সভা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানের করতে এসেছি। অবহেলিত সুন্দরবনের উন্নয়ন করতে চাই। গত সরকার ৬০০ কোটি টাকা বরাদ্দ করেছিল। মাত্র ২০০ কোটির কাজ হয়েছে। ৮০ শতাংশ টাকা চুরি হয়ে গিয়েছে। নতুন সরকার ১২০০ কোটি টাকা বরাদ্দ করেছে। গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মেলায় রূপান্তরিত করার জন্য আমরা এখানে এসেছি।’

অন্যদিকে রাজ্যে পালাবদলের পরে প্রথমবার বিজেপি সরকার গঙ্গাসাগর মেলা করতে চলেছে। আগে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন একাধিকবার অভিযোগ করেছিলেন, এত বড় মেলা হলেও কেন্দ্রের বিজেপি সরকার একে জাতীয় স্বীকৃতি দেয় না। তাহলে কি এবার পালাবদলে গঙ্গাসাগর কুম্ভমেলার সমতুল হয়ে যাবে? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যের পর সেই চর্চা শুরু হয়েছে। তবে মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘সুন্দরবনের ১৩টি ব্লকে উন্নয়ন হবে। সুন্দরবন উন্নয়ন দপ্তর নজর দিচ্ছে। ১২০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। গত তৃণমূল সরকার উন্নয়নের নামে দুর্নীতি চালিয়েছে। উন্নয়নের থেকেও তৃণমূল কাটমানি নিয়েছে। ৬০০ কোটির মধ্যে ২০০ কোটি খরচ করেছিল গত রাজ্য সরকার। এবার আমরা খরচ করে সবদিক থেকে উন্নয়ন ঘটাবো।’


তাছাড়া মুড়িগঙ্গা সেতু শুরু যে দাবি তৃণমূল সরকারের আমলে দাবি করা হয়েছিল এদিন তা নিয়েও অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। এমনকী সিএএ ও নাগরিকত্ব নিয়েও বড় ঘোষণা করেছেন তিনি। শুভেন্দু অধিকারীর কথায়, ‘মুড়িগঙ্গায় সেতু তৈরি নিয়েও গত তৃণমূল সরকার ভুল কথা স্থানীয়দের বুঝিয়েছে। ২০২৯ সালের মধ্যে মুড়িগঙ্গা সেতুর উদ্বোধন হবে। আগামী ১০ জানুয়ারি গঙ্গাসাগর মেলার উদ্বোধন করতে আবার কাকদ্বীপে আসব। দক্ষিণ ২৪ পরগনায় সিএএ-তে বহু মানুষ আবেদন করেছেন। কিন্তু এখনও অনেকে নাগরিকত্বের সার্টিফিকেট পাননি। অতি দ্রুত যাতে সিএএ সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। জেলাশাসক, মহকুমাশাসকদের নির্দেশ দিয়েছি।’