• facebook
  • twitter
  • youtube
Monday, 15 June, 2026

পাহাড়ের উন্নয়ন খতিয়ে দেখতে মঙ্গলবার কার্শিয়াং সফরে মুখ্যমন্ত্রী

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে ১৬ জুন, মঙ্গলবার সকাল ১১টা নাগাদ কার্শিয়াংয়ের গোথেল মেমোরিয়াল স্কুলে পৌঁছবেন মুখ্যমন্ত্রী

পাহাড়ের উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মঙ্গলবার কার্শিয়াং সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে ১৬ জুন, মঙ্গলবার সকাল ১১টা নাগাদ কার্শিয়াংয়ের গোথেল মেমোরিয়াল স্কুলে পৌঁছবেন মুখ্যমন্ত্রী।

সেখানে আয়োজিত সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এছাড়া পাহাড়ে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকের কথাও রয়েছে তাঁর। সব মিলিয়ে তাঁর এই সফরকে ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে তৎপরতা শুরু হয়েছে।

প্রশাসনিক সূত্রের খবর, কার্শিয়াংয়ের স্কুলে আয়োজিত সরকারি অনুষ্ঠানে অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত-সহ একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সরাসরি উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে। এরপর দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা ও পাহাড়ের আরও তিন বিধায়কের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে বসার কথা রয়েছে। তবে এই বৈঠকে গোর্খা জনমুক্তি নেতা বিমল গুরুং ও রোশন গিরি উপস্থিত থাকবেন কিনা তা এখনও স্পষ্ট হয়নি।

মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কার্শিয়াং ও দার্জিলিংয়ের একাধিক এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রীর এই সফর পাহাড়ের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধান এবং উন্নয়ন প্রকল্পগুলির বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করতে গুরুত্বপূর্ণ। পাহাড়ের মানুষও মুখ্যমন্ত্রীর এই সফরের মাধ্যমে উন্নয়নমূলক কাজ আরও গতি পাবে বলে আশাবাদী। সূত্রের খবর, মঙ্গলবার পাহাড়ের এই কর্মসূচি শেষ করেই সেদিনই কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী।