• facebook
  • twitter
Tuesday, 19 May, 2026

প্রচারের শেষ দিনে ফলতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু

প্রচারসূচির অংশ হিসেবেই পরে নিহত বিজেপি কর্মী স্বপন মণ্ডলের বাড়িতেও যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর

ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটের আর মাত্র দু’দিন বাকি। তার আগেই মঙ্গলবার ফের নির্বাচনী প্রচারে ফলতায় গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে এ দিন তিনি রোড শো করেন এবং প্রচারের শেষ মুহূর্তে এলাকায় রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তোলেন।

সকালে ফলতার বনেশ্বর এলাকার একটি শিবমন্দিরে পুজো দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন শুভেন্দু অধিকারী। মন্দিরে প্রার্থনার পর সেখান থেকেই ফলতা বাসস্ট্যান্ড পর্যন্ত বিশাল রোড শো করেন তিনি। রাস্তার দু’ধারে সকাল থেকেই ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ ও বিজেপি সমর্থকেরা। পুষ্পবৃষ্টির মাধ্যমে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানো হয়। তিনি হাত নেড়ে সকলের অভিবাদন গ্রহণ করেন। জনসমাগম এতটাই ছিল যে, একাধিকবার রোড শোয়ের গতি কমে যায়।

Advertisement

প্রচারসূচির অংশ হিসেবেই পরে নিহত বিজেপি কর্মী স্বপন মণ্ডলের বাড়িতেও যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার সময় স্বপন খুন হয়েছিলেন বলে বিজেপির অভিযোগ। তাঁর পরিবারের সঙ্গে দেখা করে মধ্যাহ্নভোজে অংশ নেওয়ারও কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর।

Advertisement

ফলতার নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। বিশেষ করে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পর্যবেক্ষক অজয়পাল শর্মা এবং তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের মধ্যে চাপানউতোর এই কেন্দ্রের রাজনৈতিক গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। গত শনিবার ফলতার সভা থেকে জাহাঙ্গির খানকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন শুভেন্দু। তিনি বলেছিলেন, ‘ভোট শেষ হোক, ওর ব্যবস্থা করব।‘

এদিকে বিরোধীদের অভিযোগ, আগের দফার ভোটে ফলতার একাধিক বুথে অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ হয়নি। সেই অভিযোগ খতিয়ে দেখে নির্বাচন কমিশন পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২১ মে ফলতায় পুনরায় ভোটগ্রহণ হবে এবং গণনা হবে ২৪ মে। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই কেন্দ্রের দিকে এখন নজর রাজ্যের সব মহলের।

 

 

 

Advertisement