• facebook
  • twitter
Friday, 17 April, 2026

ভোট প্রচারে বাংলায় মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী

বাংলা থেকে ১৪০০ কোম্পানি মহারাষ্ট্র যাওয়া নিয়ে আক্রমণ তৃণমূলকে

বঙ্গ ভোটের আবহে প্রচারে এসে একাধিক দাবি ও প্রতিশ্রুতি তুলে ধরলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। শুক্রবার নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে সাংবাদিক বৈঠক করে তিনি বাংলার শিল্প ও কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন।

ফড়নবিসের দাবি, দীর্ঘদিন ধরে বাংলার সঙ্গে যুক্ত প্রায় ১৪০০টি সংস্থা ইতিমধ্যেই মহারাষ্ট্রে চলে গিয়েছে এবং সেখানে ব্যবসা শুরু করেছে। তাঁর কথায়, এই তালিকায় বেশ কিছু বড় সংস্থাও রয়েছে। তিনি প্রশ্ন তোলেন, নতুন করে বাংলায় যে সংস্থাগুলি নাম নথিভুক্ত করেছে, তারা আদৌ পূর্ণমাত্রায় কাজ শুরু করেছে কি না। এই বিষয়ে রাজ্য সরকারের কাছ থেকে স্পষ্ট তথ্য চেয়েছেন তিনি।

Advertisement

একই সঙ্গে তিনি আশ্বাস দেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। তাঁর দাবি, আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে পশ্চিমবঙ্গকে দেশের শীর্ষ পাঁচটি অর্থনৈতিকভাবে শক্তিশালী রাজ্যের তালিকায় ফিরিয়ে আনা হবে। পাশাপাশি বিজেপির ‘সংকল্পপত্র’ অনুযায়ী, এক কোটি যুবক-যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

Advertisement

এই প্রসঙ্গে নরেন্দ্র মোদীর সুরেই তিনি বলেন, জাতীয় অর্থনীতিতে বাংলার অবদান ক্রমশ কমে যাচ্ছে। তাঁর মতে, কর্মসংস্থান তৈরির জন্য অনুকূল পরিবেশ তৈরি করা রাজ্য সরকারের দায়িত্ব, আর সেই সুযোগ কাজে লাগিয়ে শিল্প গড়ে তোলে বেসরকারি সংস্থাগুলি। বিজেপি-শাসিত রাজ্যগুলিতে এই মডেল সফল হয়েছে বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে, বিজেপির এই অভিযোগ খারিজ করেছে শাসক তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, রাজ্যে বেকারত্ব অনেকটাই কমেছে এবং সার্বিক উন্নয়ন হয়েছে। বিজেপি ভোটের মুখে বিভ্রান্তিকর তথ্য ও অবাস্তব প্রতিশ্রুতি দিচ্ছে বলেও অভিযোগ তৃণমূলের।

Advertisement