• facebook
  • twitter
Monday, 9 March, 2026

বৈঠক থেকে বেরিয়ে বিস্ফোরক অভিযোগ চন্দ্রিমার, ‘ডোন্ট শাউট’ বলা হয়েছে তাঁকে

বৈঠক শেষে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ফিরহাদ হাকিমও

সোমবার নিউটাউনে নির্বাচন কমিশনের ফুলবেঞ্চের সঙ্গে বৈঠকের পর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি ও রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর দাবি, বৈঠকের সময় তাঁদের কথা শোনার পরিবর্তে কমিশনার একতরফাভাবে কথা বলেন এবং পরে উত্তেজিত হয়ে চিৎকার করতে শুরু করেন।

এদিন দুপুর ১২টা ১০ মিনিট নাগাদ তৃণমূলের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসে। সেই দলে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম এবং রাজীব কুমার। বৈঠকের শুরুতেই চন্দ্রিমা দাবি করেন, যেন কোনও বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ না পড়ে। কিন্তু তাঁর অভিযোগ, এই বিষয়টি শুনতেই চাননি মুখ্য নির্বাচন কমিশনার।

Advertisement

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চন্দ্রিমা বলেন, কমিশনার শুধু নিজেই কথা বলছিলেন এবং তাঁদের বক্তব্য শোনার সুযোগ দেননি। তিনি আরও অভিযোগ করেন, সুপ্রিম কোর্টে যাওয়ার বিষয়টি নিয়েই কমিশনার বারবার আপত্তি তুলছিলেন। চন্দ্রিমার কথায়, সুপ্রিম কোর্টে যাওয়া তাঁদের সাংবিধানিক অধিকার, কারণ রাজ্যের মানুষের অধিকার রক্ষার জন্যই তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছেন।

Advertisement

একজন মহিলা হিসেবে তাঁর সঙ্গে যে ভাষায় কথা বলা হয়েছে, তা নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন। তাঁর দাবি, কমিশনার তাঁকে ‘ডোন্ট শাউট’ বলেন। চন্দ্রিমা বলেন, ‘আমি একজন মহিলা। আমাকে বলছেন চিৎকার করবেন না? সম্মান নেই মহিলাদের প্রতি? বেশ করেছি সুপ্রিম কোর্টে গিয়েছি।‘ এছাড়া তিনি ফর্ম ৭ সংক্রান্ত তথ্যগত গরমিলের অভিযোগও তোলেন। তাঁর দাবি, কমিশন তাঁদের বক্তব্য গুরুত্বের সঙ্গে শুনতে রাজি নয় এবং বারবার সুপ্রিম কোর্টের প্রসঙ্গ তুলে আলোচনা এড়িয়ে যাচ্ছে।

বৈঠক শেষে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ফিরহাদ হাকিমও। তাঁর অভিযোগ, বিজেপি বাংলায় অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা ইস্যু তুলে অযথা আতঙ্ক তৈরি করেছে। এর ফলে সাধারণ মানুষকে অকারণে লাইনে দাঁড়াতে হচ্ছে এবং তাঁদের ভোগান্তি বাড়ছে। তিনি বলেন, কমিশনের উচিত নিশ্চিত করা যে কোনও ভারতীয় নাগরিকের ভোটাধিকার যেন খর্ব না হয়। উল্লেখ্য, একই দিনে নির্বাচন কমিশনের ফুলবেঞ্চের সঙ্গে বামফ্রন্ট, বিজেপি এবং কংগ্রেসের প্রতিনিধিরাও বৈঠক করেন এবং ভোট এক বা দুই দফায় করার দাবি জানান।

Advertisement