• facebook
  • twitter
Saturday, 2 May, 2026

বারাসতে স্ট্রংরুমে বন্ধ সিসিটিভি, ঘটনাস্থলে পৌঁছলেন তৃণমূল প্রার্থী

এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই বারাসত গভর্নমেন্ট কলেজ চত্বরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে

স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে রাজ্যজুড়ে যখন প্রশ্ন উঠছে, ঠিক সেই সময় বারাসতে সিসিটিভি বন্ধ থাকার অভিযোগ ঘিরে নতুন করে উত্তেজনা ছড়াল। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই বারাসত গভর্নমেন্ট কলেজ চত্বরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে পৌঁছে এমনটাই অভিযোগ জানিয়ে সরব হয়েছেন অশোকনগরের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী।

অভিযোগ, বারাসত গভর্নমেন্ট কলেজ-এ থাকা স্ট্রংরুমের সিসিটিভি মনিটর কিছু সময়ের জন্য বন্ধ ছিল। এই স্ট্রংরুমেই বারাসত, হাবড়া, অশোকনগর ও দেগঙ্গা—এই চারটি বিধানসভা কেন্দ্রের ইভিএম মেশিন সংরক্ষিত রয়েছে। পাশাপাশি এটিই সংশ্লিষ্ট কেন্দ্রগুলির গণনাকেন্দ্র।

Advertisement

ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছন অশোকনগরের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী এবং তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। তাঁদের অভিযোগ, শুক্রবার সকাল ৮টা ৫ মিনিট থেকে ৮টা ২২ মিনিট পর্যন্ত সিসিটিভি মনিটর বন্ধ ছিল। এত গুরুত্বপূর্ণ জায়গায় নজরদারিতে এই ধরনের ফাঁকফোকর নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। তৃণমূলের দাবি, যদি কেউ ইচ্ছাকৃতভাবে মনিটর বন্ধ করে থাকে, তবে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত।

Advertisement

অন্যদিকে, নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে যে স্ট্রংরুমের ভিতরের সিসিটিভি ব্যবস্থা সচল ছিল, কেবল বাইরে মনিটরটি বন্ধ হয়ে গিয়েছিল। তবে ওই সময়ের সম্পূর্ণ ফুটেজ প্রকাশের দাবি জানানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে।
ঘটনার জেরে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। স্ট্রংরুমের বাইরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এদিকে বিজেপির পক্ষ থেকেও অভিযোগ ওঠে, তাঁদের প্রতিনিধিদের স্ট্রংরুমে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। এই নিয়েই পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা বাধে। স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন এবং রাজনৈতিক চাপানউতোরে বারাসতের পরিস্থিতি শনিবার সকাল থেকেই ছিল টানটান উত্তেজনাপূর্ণ।

Advertisement