• facebook
  • twitter
Monday, 11 May, 2026

ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টে মামলা

কলকাতার বেলেঘাটা এলাকায় তৃণমূল কর্মী বিশ্বজিৎ পট্টনায়কের মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ায়

ফাইল চিত্র

বিধানসভা ভোট মিটতেই রাজ্যের একাধিক জেলায় রাজনৈতিক হিংসার অভিযোগ ঘিরে সরগরম পশ্চিমবঙ্গ। মুর্শিদাবাদ, মেদিনীপুর ও কলকাতা-সহ বিভিন্ন এলাকায় খুন, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।

মামলাকারীর তরফে দ্রুত শুনানির আবেদন জানানো হলে সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেই আর্জি গ্রহণ করে। প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চের তরফে মঙ্গলবার এই মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে।

Advertisement

এবারের বিধানসভা নির্বাচনের দুই দফার ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির খবর সামনে আসতে শুরু করে। রাজনৈতিক সংঘর্ষে বাড়ি ভাঙচুর, দোকানে আগুন লাগানো, দলীয় কার্যালয় দখল, মারধর ও হেনস্থার মতো একাধিক অভিযোগ উঠেছে।

Advertisement

কলকাতার বেলেঘাটা এলাকায় তৃণমূল কর্মী বিশ্বজিৎ পট্টনায়কের মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ায়। অন্যদিকে বীরভূমের নানুরে তৃণমূলের বুথ সভাপতি আবির শেখ খুন হয়েছেন বলে অভিযোগ। এছাড়া রাজারহাটে বিজেপি কর্মী মধু মণ্ডল এবং হাওড়ার উদয়নারায়ণপুরে বিজেপি সমর্থক যাদব করের মৃত্যুর ঘটনাও রাজনৈতিক হিংসার সঙ্গে যুক্ত বলে দাবি করা হয়েছে।

যদিও  বিজেপি, তৃণমূল এবং প্রশাসনের পক্ষ থেকে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে, তবুও বিভিন্ন জেলা থেকে অশান্তির অভিযোগ সামনে আসছে। এই পরিস্থিতিতেই আদালতের দ্বারস্থ হয়েছেন মামলাকারীরা। মঙ্গলবারের শুনানিতে আদালত কী নির্দেশ দেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Advertisement