দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রকে ঘিরে তৃণমূল কংগ্রেসের অন্দরে অস্বস্তি ও ক্ষোভ প্রকাশ্যে এসে পড়েছে। দলের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই এই ক্ষোভ ধীরে ধীরে বিক্ষোভে পরিণত হয়েছে। দীর্ঘদিনের বিধায়ক শওকত মোল্লাকে ক্যানিং পূর্বের বদলে ভাঙড় কেন্দ্রে প্রার্থী করায় তাঁর অনুগামীদের একাংশ ক্ষুব্ধ হয়েছেন।
মঙ্গলবার রাত থেকেই জীবনতলা এলাকায় শুরু হয় বিক্ষোভ। তৃণমূলের কর্মী-সমর্থকদের একাংশ বিধায়কের কার্যালয়ের সামনে জড়ো হয়ে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান এবং রাস্তা অবরোধ করেন। তাঁদের সাফ বক্তব্য—শওকত মোল্লাকে ক্যানিং পূর্ব কেন্দ্র থেকেই প্রার্থী করতে হবে, তাঁকে অন্যত্র সরানো মেনে নেওয়া হবে না।
Advertisement
উল্লেখ্য, এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস একাধিক কেন্দ্রে প্রার্থী বদল করেছে। ক্যানিং পূর্ব কেন্দ্র, যেখানে শওকত মোল্লা ২০১৬ এবং ২০২১ সালে জয়ী হয়েছিলেন, সেখানে এবার প্রার্থী করা হয়েছে ভাঙড়ের নেতা তথা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ বাহারুল ইসলামকে। এই সিদ্ধান্তেই ক্ষোভের সূত্রপাত।
Advertisement
স্থানীয় কর্মীদের দাবি, শওকত মোল্লা এই এলাকার ‘ভূমিপুত্র’ এবং মানুষের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ রয়েছে। তাই বহিরাগত কাউকে প্রার্থী হিসেবে মেনে নিতে তাঁরা রাজি নন। বুধবার সকাল থেকেও জীবনতলা বাজার এলাকায় বিক্ষোভ অব্যাহত থাকে এবং ‘ঘরের ছেলে চাই’ স্লোগানে মুখরিত হয় এলাকা।
এ বিষয়ে শওকত মোল্লা নিজে সংযত অবস্থান দেখিয়েছেন। তিনি জানিয়েছেন, দলের নির্দেশই তাঁর কাছে চূড়ান্ত এবং তিনি সেটিই মেনে চলবেন। অন্যদিকে, প্রার্থী বাহারুল ইসলামও জানিয়েছেন, দলের সিদ্ধান্তই শেষ কথা এবং তাঁর সঙ্গে শওকত মোল্লার কোনও মতবিরোধ নেই।
Advertisement



