রাজারহাটে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার আরও এক। শনিবার রাতে ধৃত মহম্মদ শাহেনশাহকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ এর আগেই তাঁকে আটক করেছিল। ধৃত শাহেনশাহ জমি ও বাড়ির দালালির কাজ করে। অভিযোগ, রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে ধৃত শামিমকে রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর এলাকায় সুপারিবাগানের ওই ভাড়া বাড়ি পাইয়ে দিতে সাহায্য করেছিলেন শাহেনশাহ।
অভিযোগ, ধৃত শামিমকে ভুয়ো পরিচয় দিয়ে সুপারিবাগান এলাকায় ওই ঘর ভাড়া পাইয়ে দিতে সাহায্য করেছিলেন শাহেনশাহ। শনিবার রাতে সোদপুর থেকে বিস্ফোরণ কাণ্ডে মূল অভিযুক্ত শামিমকে পুলিশ গ্রেপ্তার করে। মূল অভিযুক্তকে গ্রেপ্তারের সঙ্গে তিনজনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছিল। দালাল শাহেনশাহ, বাড়ির মালিক জুলফিকার আনসারি ও এক নাবালককে পুলিশ জেরা করেছিল। এরপরেই পুলিশ শাহেনশাহকে গ্রেপ্তার করে।
রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর এলাকায় শনিবার ভোররাতে সুপারিবাগানে এক বাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, তিনতলা ওই বাড়ির একতলার দেওয়াল এবং দরজা ভেঙে চুরমার হয়ে যায়। বিস্ফোরণের পর পুরো বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিস্ফোরণের জেরে এক ব্যক্তি জখম হয়েছেন। দু’জন কদিন আগে ওই বাড়ির একটি ঘর ভাড়া নেন। শুক্রবার রাতে তাঁদের মধ্যে একজন ওই ঘরে একটি সাদা ব্যাগ নিয়ে আসেন বলে অভিযোগ। ওই ব্যাগটি রেখে বেরিয়ে আসার কয়েক মিনিটের মধ্যেই তীব্র বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ভিডিও সিসিটিভিতে ধরা পড়েছে।
এদিকে এই ঘটনার পর আতঙ্কে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। ঘটনায় অন্তত একজন আহত হয়েছেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে নারায়ণপুর থানার পুলিশ। বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের পর দেখা যায়, বাড়ির ভিতরে একাধিক বোমা ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে। পুলিশ সূত্রে খবর, সুতলি বোমা ফেটেই এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। যদিও এখনও নিশ্চিতভাবে বিস্ফোরণের উৎস সম্পর্কে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো যায়নি।
আরও পড়ুন: কেঁপে উঠল রাজারহাট, বোমা বিস্ফোরণে তুমুল আতঙ্ক, তদন্তে পুলিশ, মূল অভিযুক্ত গ্রেপ্তার
জানা গিয়েছে, পুলিশ ঘটনাস্থল থেকে দুটি বোমা উদ্ধার করেছে। বোম্ব স্কোয়াড সেই বোমাগুলি নিষ্ক্রিয় করেছে। পুলিশের অনুমান, বাড়ির ভিতরে প্রচুর পরিমাণে বোমা মজুত করা ছিল এবং তা ফেটেই এই বিপত্তি ঘটেছে। তবে ঘটনার নেপথ্যে বড় কোনও নাশকতার ছক ছিল কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে পুলিশ দুজনকে গ্রেপ্তার করল।




